ভোটপ্রচারে দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক। বৈভবেরা আইপিএলে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে। আর কী
আনন্দবাজার | ০৭ এপ্রিল ২০২৬
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ বিধানসভা নির্বাচনের প্রচারে জোরকদমে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ নদিয়ার রানাঘাট লোকসভা এলাকার অন্তর্গত একাধিক বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন। সূচি অনুযায়ী, চাকদহ, কল্যাণী এবং হরিণঘাটা— এই তিনটি বিধানসভা কেন্দ্রে জনসভা ও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, প্রতিটি সভাতেই স্থানীয় বিষয় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রচারে থাকবেন। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ জনসভা করবেন তিনি। দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করা এবং বিরোধীদের কড়া আক্রমণ শানানো— এই দুই লক্ষ্য নিয়েই অভিষেকের সভা অনুষ্ঠিত হবে।
আইপিএলে আজ রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত যে ক’টি দল অপরাজিত রয়েছে, রাজস্থান তাদের মধ্যে অন্যতম। আজ জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে নামবে তারা। অন্য দিকে, মুম্বই প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছে। আজ গুয়াহাটিতে খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
হরমুজ় প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের উপর ধারাবাহিক চাপ তৈরির চেষ্টা করছে আমেরিকা। হরমুজ় নিয়ে ইরান বোঝাপড়ার পথে না-গেলে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ় প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের জন্য নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাত ৮টা (আমেরিকার সময় অনুযায়ী। ভারতীয় সময়ে বুধবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত তিনি সময় দিয়েছেন ইরানকে। এ অবস্থায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত অন্তত চার দিন বৃষ্টি চলবে চলবে রাজ্যে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।