ভারত-সহ বন্ধু রাষ্ট্রগুলির জন্য হরমুজ় প্রণালী খোলার ‘বিশেষ ব্যবস্থা’ নিয়েছে ইরান। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি। তাঁর কথায়, ‘‘সেই ‘বিশেষ ব্যবস্থাক্রমে’ সম্প্রতি বেশ কিছু ভারতীয় জাহাজ হরমুজ় প্রণালী নিরাপদে পার হয়েছে। এর থেকেই প্রমাণ হয় ইরানের রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে, যাতে জলপথে বন্ধু রাষ্ট্রগুলির নিরাপত্তা নিশ্ছিদ্র থাকে।’’ তাঁর কথায়, “ইরান বরাবরই জোর দিয়েছে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা সুরক্ষিত রাখতে। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন, হরমুজ় প্রণালী কিন্তু আন্তর্জাতিক জলপথের অধীনে নয়। বরং এটি ইরান এবং ওমানের অভ্যন্তরীণ জলপথ। তবে ইরান বিশেষ ব্যবস্থা নিয়েছে ভারত-সহ বন্ধু রাষ্ট্রগুলির জাহাজ যাতে নিরাপদে যেতে পারে।’’
প্রসঙ্গত গত কাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে ইরানের বিদেশমন্ত্রী আরাঘচি। তাঁরা ‘বর্তমান পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ় প্রণালী খুলে দেওয়া না হলে তিনি ইরানের জ্বালানি পরিকাঠামোর উপর ফের হামলা শুরু করবেন। ইরানি দূতাবাস বলেছে, “ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এর সঙ্গে ফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন।” ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ’টি তাঁদের ষষ্ঠ ফোনালাপ।