• সন্তানকে ‘বিক্রি’, কাঠগড়ায় খোদ মা
    আনন্দবাজার | ০৮ এপ্রিল ২০২৬
  • দেড় মাসের শিশুকে ফিরে পেতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন মা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে নিজের সন্তানকে 'বিক্রি' করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ওই মহিলা। কোর্টের খবর, আত্মীয়ের বাড়ি থেকে দেড় মাসের ছেলেকে হাওড়া জেলা পুলিশ জোর করে হোমে পাঠিয়েছে, এই অভিযোগ নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। কিন্তু পুলিশ আদালতে রিপোর্ট দিয়ে জানায় যে সন্তানের জন্মের তিনদিনের মধ্যেই এক দূরসম্পর্কের আত্মীয়ের কাছে সন্তানকে বিক্রি করেছিলেন ওই মহিলা। সেই অভিযোগ পেয়েই ওই শিশুকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে।

    এ দিন দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ রাজ্যকে এফআইআর রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছেন। কোর্টের পর্যবেক্ষণ, যে হেতু দেড় মাসের এক শিশুকে অন্যের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং মায়ের আচরণ যথেষ্ট ‘সন্দেহজনক’ তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত প্রয়োজন। মে মাসে পরবর্তী শুনানিতে তদন্ত রিপোর্ট দেবে রাজ্য।

    এ দিন পুলিশের রিপোর্ট কোর্টে পেশ করার পাশাপাশি রাজ্যের কৌঁসুলি দাবি করেন, শিশু 'বিক্রি' সংক্রান্ত একটি নথিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরপরেই মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের উদ্দেশে বিচারপতি বসাক বলেন, ‘‘জন্মদাত্রী হয়ে দুধের শিশুকে অন্যকে হস্তান্তর করেছেন আপনার মক্কেল। শিশুর অভিভাবকত্বের বিষয়ে তাঁকে আর বিশ্বাস করা যায় না। শিশুটির দেখভাল করবে রাজ্য।’’ যদিও সব্যসাচীর দাবি, আর্থিক অনটনের জন্য সাময়িক ভাবে এক আত্মীয়ের কাছে সন্তানকে দিয়েছিলেন ওই মহিলা। তবে তিনি এখন সন্তানকে ফিরে পেতে চান। দেখভালের দায়িত্বও তিনি নিজেই নেবেন। তবে সেই দাবি মানতে চায়নি আদালত।
  • Link to this news (আনন্দবাজার)