• সাত আসনে প্রার্থী বদলে দিল কংগ্রেস! ঘোষণা করল নতুন নাম, প্রার্থিতালিকা ঘিরে অসন্তোষের মাঝেই পদক্ষেপ
    আনন্দবাজার | ০৮ এপ্রিল ২০২৬
  • রাজ্যের সাত বিধানসভা আসনে প্রার্থী বদল করল কংগ্রেস। বুধবার ওই সাত আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন কংগ্রেস নেতৃত্ব। প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়াতেও। সেখানে কংগ্রেস প্রার্থী করেছে প্রণব ভট্টাচার্যকে।

    বিধানসভা ভোটের জন্য কংগ্রেস প্রার্থিতালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল। প্রার্থী বাছাই ঘিরে অসন্তোষের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেসের একাধিক কার্যালয়ের বাইরে বিক্ষোভ হয়েছে। কলকাতায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনেও বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকেরা।

    প্রার্থী ঘিরে এই বিক্ষোভ এবং অসন্তোষের মাঝেই বুধবার সাত আসনের প্রার্থী বদলে দিল কংগ্রেস। সূত্রের খবর, বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ এবং অভিযোগগুলি ইতিমধ্যে পর্যালোচনা করে দেখেছেন প্রদেশ নেতৃত্ব। তার পরে তাঁরা নিজেদের মতামত জানিয়েছেন দিল্লির নেতৃত্বকে। এর পরেই বুধবার প্রার্থী বদলের কথা ঘোষণা করল কংগ্রেস। সঙ্গে একটি আসনে প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। বুধবার যে সাত আসনে প্রার্থী বদল করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে— নদিয়ার নাকাশিপাড়া, চাপড়া, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার, পূর্ব বর্ধমানের রায়না, কেতুগ্রাম এবং আউসগ্রাম।

    নাকাশিপাড়ায় গোলাম কিব্রিয়া মণ্ডলের বদলে প্রার্থী করা হয়েছে তাহির শেখকে। চাপড়ায় রহিদুল মণ্ডলের পরিবর্তে প্রার্থিপদ দেওয়া হয়েছে আসিফ খানকে। মিনাখাঁয় বর্ণালী নস্করের পরিবর্তে সুনয়না বিশ্বাস, মন্দিরবাজারে কৌশিক বৈদ্যের পরিবর্তে চাঁদ সর্দারকে টিকিট দেওয়া হয়েছে। একই রকম ভাবে রায়নায় অনিক সাহার বদলে পম্পা মালিক, কেতুগ্রামে মহম্মদ মফিরুল কাসেমের বদলে শেখ আবু বকর এবং আউসগ্রামে নিশা বড়ালের বদলে তাপস বড়ালকে প্রার্থী করেছে কংগ্রেস।

    ২০২১ সালে জোট করেও পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে প্রথম বার একটি আসনও পায়নি কংগ্রেস এবং সিপিএম। ‘সংযুক্ত মোর্চা’র প্রতিনিধি হিসাবে শুধুমাত্র ভাঙড় বিধানসভা থেকে জয়ী হন আইএসএফের নওশাদ সিদ্দিকি। এ বারের ভোটে আর কোনও আসন সমঝোতায় না গিয়ে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
  • Link to this news (আনন্দবাজার)