• দিল্লি থেকে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা, দুই দলে ভাগ হয়ে ঘুরবেন জেলায় জেলায়
    আনন্দবাজার | ১২ এপ্রিল ২০২৬
  • আগামী সপ্তাহেই দিল্লি থেকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। দিল্লির নির্বাচন সদন থেকে কমিশনের দু’টি দল আসছে পশ্চিমবঙ্গে। নির্বাচনের আগে জেলায় জেলায় ঘুরবেন কমিশনের ওই আধিকারিকেরা। একটি দল ঘুরবে কলকাতা-সহ পাঁচটি জেলা। সেই দলের নেতৃত্বে থাকবেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। অন্য দলটি ঘুরবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। সেই দলের নেতৃত্বে থাকবেন ডেপুটি ডিরেক্টর অপূর্বকুমার সিংহ।

    সোমবার থেকেই তিন দিনের সফরে রাজ্যে আসছেন ডেপুটি কমিশনার। তাঁরা ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে প্রথমে যাবেন দুর্গাপুরে। তাঁদের সফরে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। ওই একই দিনে ডেপুটি ডিরেক্টরের নেতৃত্বে অপর দলটি যাবে উত্তরবঙ্গে। সফর শুরু হবে আলিপুরদুয়ার থেকে। এ ছাড়া তারা যাবে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দলটি রাজ্যে পাঁচ দিন থাকবে।

    কমিশন সূত্রে খবর, ভোটারদের আশ্বস্ত করতেই ওই দু’টি দল বিভিন্ন এলাকায় ঘুরবে। জেলায় জেলায় নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে তাঁদের বৈঠকেও বসার কথা রয়েছে দিল্লি থেকে আসা কমিশনের প্রতিনিধিদলের। জানা যাচ্ছে, ভোটের আগে জেলাগুলিতে কী পরিস্থিতি, তা পর্যালোচনা করার জন্যই বৈঠকে বসবেন আধিকারিকেরা। একই সঙ্গে ভোটারেরা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় বার্তা দিতে পারেন তাঁরা।

    রাজ্যে সাধারণ ভোটারেরা যাতে নির্ভয়ে ভোটগ্রহণকেন্দ্রে যেতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে ইতিমধ্যে পদক্ষেপও শুরু করেছে তারা। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য কী কী করণীয়, তা নিয়ে রাজ্যের পুলিশকর্তাদেরও নির্দেশ দিয়েছে কমিশন। সিইও দফতর থেকে আগেই জানানো হয়েছে, প্রচারের সময়ে এবং ভোটের সময়ে পোলিং স্টেশন ও সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। কেউ যাতে ভোটারদের ভয় দেখাতে না পারেন, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। ভোটার, প্রার্থী এবং নির্বাচনের কাজে নিযুক্ত অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)