আশার কোন ৫ গান পছন্দ? তালিকা বানালেন কলকাতার ৩ সঙ্গীতকার, দেবজ্যোতি, রূপম ও অনুপম
আনন্দবাজার | ১২ এপ্রিল ২০২৬
আশা ভোসলে। নামের সঙ্গেই জুড়ে রয়েছে এক বহুরঙা সুরের জগৎ, যার বিস্তৃতি হিন্দি ছবির গান থেকে শুরু করে গজ়ল, ভজন, পপ, লোকগানের জাদুপ্রান্তরে। আশার কণ্ঠের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার বহুমুখিতা। ‘পিয়া তু অব তো আ জা’-র মতো চঞ্চল, প্রাণবন্ত গানে যেমন তিনি সাবলীল, তেমনই ‘দিল চিজ় কেয়া হ্যায়’-এর মতো গজ়লেও তাঁর কণ্ঠে মেলে আবেগের ছোঁয়া। সেই আশা আজ নেই। কিন্তু তাঁর স্মৃতি থেকে যাবে সুরে সুরে। আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল এ সময়ের বাংলার তিন সঙ্গীতকারের সঙ্গে। দেবজ্যোতি মিশ্র, রূপম ইসলাম এবং অনুপম রায়। আশার কণ্ঠে কোন পাঁচ গান তাঁদের সবচেয়ে প্রিয়, রইল তালিকা।
দেবজ্যোতি মিশ্র
আশার সঙ্গে বিজ্ঞাপনী গানে কাজ করেছিলেন দেবজ্যোতি। তিনি বললেন, ‘‘শেষ দিন পর্যন্ত গান গেয়ে যাবেন, এমনই আশা ছিল আশাজির। আর যখন যে সঙ্গীতপরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাঁকেই শ্রেষ্ঠ আসন দিয়েছেন। সেই সুরকার যে-ই হোন না কেন। টাকা ছাড়াও বহু বার গান গেয়ে দিয়েছেন কেবল সঙ্গীতের প্রতি প্রেম থেকে।’’ দেবজ্যোতির প্রিয় পাঁচটি গান হল—
১. ‘দম মারো দম’ (হরে কৃষ্ণ হরে রাম)
২. ‘চোখে চোখে কথা বলো’ (আধুনিক)
৩. ‘আ জা আ জা’ (তিসরি মঞ্জিল)
৪. ‘জীবনগান গাহে কে যে’ (আধুনিক)
৫. ‘মেরা কুছ সামান’ (ইজ়াজ়ত)
রূপম ইসলাম
একটানা সুরে অবিচল থেকেছেন। সঙ্গে অভিনয়ও করেছেন। উচ্চারণেও হেরফের হয়নি। নানাবিধ ধ্বনি প্রয়োগ করেছেন তারই মধ্যে। আশা ভোসলের গায়কীর এ বিষয়টি রূপমকে বরাবরই বিস্মিত করেছে। তিনি বলেন, ‘‘ওঁর গান গাওয়ায় সুরের পাশাপাশি পারফর্ম্যান্সও থাকে। গাইতে গাইতে চরিত্র হয়ে ওঠা সহজ কথা নয়।’’ রূপমের পছন্দের পাঁচটি গান হল—
১. ‘পিয়া তু অব তো আজা’ (ক্যারাভ্যান)
২. ‘চুরা লিয়া হ্যায়’ (ইয়াদোঁ কী বরাত)
৩. ‘রাত বাকি, বাত বাকি’ (নমক হালাল)
৪. ‘তোমারি চলার পথে’ (একান্ত আপন)
৫. ‘তোলো ছিন্নবীণা’ (একান্ত আপন)
অনুপম রায়
আশার মতো প্রতিভা নিয়ে খুব মানুষই জন্মেছেন এই উপমহাদেশে। এমনই মনে করেন অনুপম। তিনি বলেন, ‘‘এমন কোনও ঘরানার গান নেই যা, আশাজি গাইতে পারতেন না।’’ তাঁর প্রিয় পাঁচটি গান হল—
১. ‘ও মেরে সোনা রে’ (তিসরি মঞ্জিল)
২. ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ (প্রথম কদম ফুল)
৩. ‘চৈন সে হমকো কভী’ (প্রাণ জায়ে পর বচন না জায়ে)
৪. ‘আও হুজ়ুর তুমকো’ (কিসমৎ)
৫. ‘দিল চীজ় কেয়া হ্যায়’ (উমরাও জান)