• ১৪ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নেবে জেইসিএ, একঝলকে গুরুত্বপূর্ণ দিনক্ষণ থেকে পাঠ্যক্রম
    আনন্দবাজার | ১৩ এপ্রিল ২০২৬
  • ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন বোর্ডের (ডব্লিউবিজেইইবি) তরফে ২০২৬-এর জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়াম ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন (জেইসিএ) আয়োজিত হতে চলেছে ১৪ জুন। শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। পরীক্ষার দিন, প্রশ্নপত্রের ধরন, কোন কোন বিষয়ে প্রশ্ন থাকে— তারই বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

    জেইসিএ কী

    এই প্রবেশিকায় উত্তীর্ণ হলে কাউন্সেলিংয়ের মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী সরকারি, সরকারপোষিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যায়।

    যোগ্যতা যাচাই

    ভারতের নাগরিক হতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হওয়া চাই।

    পরীক্ষার ধরন

    দু’টি ভাগে পরীক্ষা হয়— বিভাগ-১ ও বিভাগ-২। দু’টি বিভাগ মিলিয়ে মোট ১০০টি প্রশ্ন থাকে। কিন্তু মোট নম্বর থাকে ১২০। ওএমআর (অপটিক্যাল মার্ক রেকগনিশন) শিটের মাধ্যমে পরীক্ষা হবে। এমসিকিউ-এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকে। প্রতি প্রশ্নে নম্বর থাকে এক ও দুই করে। কোনও কোনও ক্ষেত্রে নেগেটিভ মার্কিং-ও রয়েছে।

    সিলেবাস

    সি প্রোগ্রামিং, ডেটা টাইপস, ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, কম্পিউটারের ভূমিকা, কম্পিউটার নেটওয়ার্ক, ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং-সহ কম্পিউটারের অ্যাপ্লিকেশনের নানা বিষয় থেকে প্রশ্ন আসে।

    কোন কোন জেলায় পরীক্ষা

    কলকাতা, বাঁকুড়া, কোচবিহার, হাওড়া, দার্জিলিং, হুগলি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা হয়।

    নিয়মাবলী

    পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। সঠিক পরীক্ষা কেন্দ্রেই যেতে হবে। নচেৎ অন্য কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়া যাবে না। অ্যাডমিট কার্ডের কাগজের নথি, রঙিন ছবি (যেটি আবেদনের সময় ব্যবহার করা হবে), সরকারি পরিচয়পত্র। ক্যলকুলেটর, পেন, ঘড়ি, মুঠোফোন, ব্লুটুথ ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষেধ।

    গুরুত্বপূর্ণ দিনক্ষণ

    ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, চলবে ২২ এপ্রিল পর্যন্ত। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করতে হবে ২৪ ও ২৫ এপ্রিলের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ৪ থেকে ৯ জুন পর্যন্ত। প্রবেশিকা পরীক্ষা হবে ১৪ জুন ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে পরীক্ষা।

    আবেদনপত্র জমা করবেন কী ভাবে?

    আবেদনের জন্য ডব্লিউবিজেইইবি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট লিঙ্কে যাওয়া প্রয়োজন। এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাধারণ বিভাগের প্রার্থীরা ৪০০ টাকা এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীরা ৩০০ টাকা জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে পাঠ্যক্রম ও পরীক্ষার ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা দেখে নিতে পারেন।
  • Link to this news (আনন্দবাজার)