• রাজ্যে বিজেপির উত্থানের নেপথ্যে মমতা! পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে একযোগে আক্রমণ মিম প্রধান ওয়েইসির
    আনন্দবাজার | ১৪ এপ্রিল ২০২৬
  • ভোটপ্রচারে পশ্চিমবঙ্গে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে আক্রমণ শানালেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। রঘুনাথগঞ্জ দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা থেকে তিনি দাবি করেন, এ রাজ্যে বিজেপির উত্থানের নেপথ্যে রয়েছেন মমতা! ওয়েইসি মনে করান, ১৯৯৮ সালে বিজেপির সঙ্গে মমতার জোট করার বিষয়টা।

    সোমবারের সভা থেকে ওয়েইসি বলেন, ‘‘১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছিলেন। দমদম লোকসভা থেকে তৃণমূলের সমর্থনে বিজেপির সাংসদ জিতেছিল। তখন কি আমি জোট করার কথা কানে কানে বলেছিলাম?’’ তিনি আরও বলেন, ‘‘সেই সময় ভারত সরকারে মন্ত্রী ছিলেন মমতা। গুজরাতে যখন মুসলিম বোনেরা আক্রান্ত হচ্ছিলেন, তখন কি তাঁরা মমতার কেউ ছিলেন না?’’

    উল্লেখ্য, ওয়েইসির দলকে বিজেপির ‘বি টিম’ বলে বার বার তোপ দাগেন মমতা। ভোটপ্রচারে গিয়ে মিমের নাম করেই ‘ভোট কাটুয়া’ বলে কটাক্ষও করেছেন তিনি। সেই প্রসঙ্গ টেনে ওয়েইসি অভিযোগ, এক সময় এ রাজ্যে বিজেপি চারটি আসন পেত। এখন তারা ৭৭টি আসন জিতছে। আর সবটাই মমতার জন্য। অথচ এখন তৃণমূল দায় চাপাচ্ছে মিম-এর উপর।

    হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করে এ বারের বিধানসভা ভোটে লড়ার কথা ছিল মিমের। কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করে সেই জোটের ঘোষণাও করেন ওয়েইসি। সঙ্গে ছিলেন হুমায়ুনও। একসঙ্গে প্রচার করবেন সেই বার্তাও দেন তাঁরা। তবে সম্প্রতি তৃণমূল হুমায়ুনের একটি বিতর্কিত ভিডিয়ো পোস্ট করে। তার পরেই জোটে ভাঙন ঘটে। ওয়েইসি স্পষ্ট জানিয়ে দেন, হুমায়ুনের সঙ্গে জোট করে লড়ছেন না বিধানসভা ভোটে। সেই প্রসঙ্গে রঘুনাথপুরের সভা থেকে মিম প্রধান বলেন, ‘‘আমাদের এ রাজ্যে জোট সঙ্গীর একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসায় জোট ভেঙেছি ঠিকই, কিন্তু মমতা তো সে দিন সরাসরি বিজেপির সঙ্গেই ছিলেন।’’ শুধু রঘুনাথগঞ্জ নয় কান্দির হিজল এলাকাতেও সভা করেন ওয়েইসি। সেই সভা থেকেই বিজেপি-তৃণমূলের আঁতাতের অভিযোগে সরব হন তিনি।
  • Link to this news (আনন্দবাজার)