• জোড়া সাইবার প্রতারণায় বহু লক্ষ টাকা লোপাট, তদন্তে পুলিশ
    আনন্দবাজার | ১৫ এপ্রিল ২০২৬
  • বেশি লাভের আশায় অনলাইনে শেয়ার কেনাবেচা করতে গিয়ে ২৭ লক্ষেরও বেশি টাকার ক্ষতির মুখে পড়লেন এক ব্যক্তি। আবার, একই ভাবে বিনিয়োগ করতে গিয়ে ১৫ লক্ষ টাকা খুইয়েছেন এক প্রৌঢ়া। ২৪ ঘণ্টার ব্যবধানে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এমনই দু’টি অভিযোগ দায়ের হয়েছে। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রের খবর, গত ১২ এপ্রিল এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগে জানান, এক মহিলা সমাজমাধ্যমে তাঁর সঙ্গে প্রথমে আলাপ করেন। এর পরে আরও এক ব্যক্তিকেঅভিযোগকারীর সঙ্গে পরিচয় করানো হয়। তাঁকে বলা হয়, অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগ করলে তিনি মোটা টাকা লভ্যাংশ পাবেন। তাতে বিশ্বাস করে ওই ব্যক্তি প্রাথমিক ভাবে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন। এর পরে কমিশন,ভেরিফিকেশন-সহ বিভিন্ন অছিলায় তাঁর কাছ থেকে আরও প্রায় ২৮ লক্ষ টাকা আদায় করে প্রতারকেরা। কিন্তু বিনিয়োগ করা টাকা তুলতেপারেননি অভিযোগকারী। তখনই তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

    অন্য দিকে, গত ১৩ এপ্রিল এক প্রৌঢ়া প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে জানান, দুই ব্যক্তি নিজেদের ফান্ড ম্যানেজার বলে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে আলাপ জমান এবং বিনিয়োগ করতে উৎসাহ দেন। উচ্চ হারে লাভের আশায় প্রৌঢ়া ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু বহু চেষ্টার পরেও তিনি কোনও টাকা ফেরত পাননি। এর পরেই ওই প্রৌঢ়া প্রথমে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করেন। পরে বিধাননগর পুলিশের দ্বারস্থ হন।
  • Link to this news (আনন্দবাজার)