রান্না করতে সাধারণ মানুষের যেন সমস্যা না হয়, শহরে এসে আইওসি কর্তার মুখে গৃহস্থের হেঁশেল
আনন্দবাজার | ১৬ এপ্রিল ২০২৬
কলকাতা-সহ গোটা রাজ্যে রান্নার গ্যাসের পরিস্থিতি খতিয়ে দেখতে এক দিনের সফরে বুধবার শহরে ঘুরে গেলেন ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান অরবিন্দর সিংহ সহানি। গ্যাস বণ্টনকারী বা ডিলারদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট নির্দেশ, বাড়িতে রান্নার জন্য সাধারণ মানুষের গ্যাস সিলিন্ডার পেতে যেন সমস্যা না হয়। কেন্দ্রের নির্দেশগুলি পালন করা হচ্ছে কি না, সে দিকেও নজর দিতে বলেছেন তিনি।
সূত্রের খবর, রাজ্য প্রশাসনের শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেছেন সহানি। রাজ্যের অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। জানিয়েছেন সংস্থার পদক্ষেপগুলিও। দক্ষিণ কলকাতা, বেহালা-সহ শহরের একাধিক এলাকার গ্যাস ডিলারের দফতরে ঘুরেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। কথা বলেছেন কর্মী এবং গ্রাহকদের সঙ্গে। ডিলার, আধিকারিক-সহ সব পক্ষের সঙ্গে একাধিক বৈঠকও করেন তিনি। সেখানেই গৃহস্থের হেঁশেলকে অগ্রাধিকার দেওয়ার কথা মনে করিয়ে দেন। সূত্রের খবর, ডিলাররাও বেশ কিছু সমস্যার কথা জানিয়ে এক দিনের ক্রেডিট চালু, সফটওয়্যারের উন্নতি, সিলিন্ডারের মান বৃদ্ধির মতো দাবি করেছেন। তৎক্ষণাৎ সমস্যাগুলি সমাধানের নির্দেশও দেন সহানি। তিনি এর আগে জানিয়েছিলেন, দেশে এলপিজির পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভারত এখন ৪০টি দেশ থেকে গ্যাস কিনছে। ফলে পশ্চিম এশিয়ায় সমস্যা হলেও, বাকি অংশ দিয়ে তা মেটানো হচ্ছে। এ দিন তিনি জোর দিয়েছেন, দেশে এলপিজি উৎপাদনের হার বৃদ্ধিতে। পেট্রলিয়াম মন্ত্রকের তথ্য বলছে, ভারতে দৈনিক এলপিজির চাহিদা ৮০ হাজার টন। যার ৫০ হাজারই দেশে উৎপাদিত হচ্ছে।
সহানির বার্তা, এখন সিলিন্ডার বুকিং-এর প্রায় ৯২% হচ্ছে অনলাইনে। ফলে গ্রাহকদের ভিড় প্রায় নেই। শুধু ইন্ডিয়ান অয়েল নয়, হিন্দুস্তান পেট্রলিয়াম এবং ভারত গ্যাসের ডিলারদের সঙ্গেও কথা বলে সমস্যার কথা জানতে চান তিনি। যদিও বৈঠকে উপস্থিত এক ডিলারের কথায়, ‘‘এ দিনের বৈঠককে চূড়ান্ত সদর্থক বলা যাবে না। তবে একজন শীর্ষকর্তা এসে আমাদের সমস্যার কথা শুনেছেন। সেটা অনেকটাই ইতিবাচক।’’