• সংসদে বিল বিতর্ক। একাধিক জেলায় সভা মমতা-অভিষেকের। আইপিএলে জোড়া ম্যাচ। আর কী নজরে দিনভর
    আনন্দবাজার | ১৮ এপ্রিল ২০২৬
  • দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

    মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাশ করাতে পারেনি কেন্দ্র। বিতর্ক পর্ব শেষে শুক্রবার বিকেলে বিল নিয়ে ভোটাভুটি হয়। বিলের পক্ষে পড়ে ২৯৮টি ভোট। বিপক্ষে ২৩০টি। বিল পাশের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল, তা পায়নি মোদী সরকার। এই অবস্থায় আজ শাসক এবং বিরোধী শিবিরের অবস্থান কী থাকে, সে দিকে নজর থাকবে।

    আজ রাজ্য জুড়ে জোরকদমে নির্বাচনী প্রচারে নামছে তৃণমূল। দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দিনে একাধিক জনসভা ও রোড শো করবেন। উলুবেড়িয়া, বারুইপুর, ভাঙড়, সোনারপুর ও শিবপুরে তাঁর সভার কর্মসূচি রয়েছে। পাশাপাশি, হাওড়া শহরে একটি রোড শোতেও অংশ নেবেন তিনি। অন্য দিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ তিনটি জনসভা করবেন। বহরমপুর, জামালপুর ও পাণ্ডুয়ায় তাঁর প্রচার সভা নির্ধারিত। নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে গতি আনতেই শীর্ষ নেতৃত্বের এই ম্যারাথন কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।

    আইপিএলে আজ দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে খেলবেন বিরাট কোহলিরা। দুর্দান্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে তাদের বিপক্ষে আজ দিল্লি ক্যাপিটালস। আজ জিতলে শীর্ষে চলে যাবেন কোহলিরা। দিল্লি জিতলে চলে আসতে পারে চার নম্বরে। এই ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচেও মহেন্দ্র সিংহ ধোনি মাঠের বাইরেই থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

    গরম এবং অস্বস্তির জন্য পশ্চিমের বেশ কয়েকটি জেলায় সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গে টানা চলছে ঝড়বৃষ্টি। আজ ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুই জেলায়। আগামী সাত দিন সেখানে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
  • Link to this news (আনন্দবাজার)