• গরম বাড়ছে, তবে শনিবারও দক্ষিণের পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস! কলকাতায় কী হবে?
    আনন্দবাজার | ১৮ এপ্রিল ২০২৬
  • বৈশাখ পড়তেই গ্রীষ্মের তাপ বাড়তে শুরু করেছে। চড়া রোদে হাঁসফাঁস দশা সর্বত্র। কালবৈশাখীর সম্ভাবনাও প্রায় অতীত। এ বার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবারও দক্ষিণের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

    কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া। শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। রবিবার থেকে এই জেলাগুলিতেই গরমের অস্বস্তি জারি থাকবে। সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।

    উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, উত্তর উপকূলীয় ওড়িশা এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে মাঝেমধ্যে শুকনো হাওয়া বইছে। এর ফলে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায়। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে কখনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

    কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের দু’দিনেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্লিজিং এবং জলপাইগুড়িতে। উত্তরের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঝড়বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নতুন করে তাপমাত্রা আর বাড়বে না।
  • Link to this news (আনন্দবাজার)