কাজ না-করে বসে থাকার অভিযোগ! এ বার ভবানীপুরের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্যকে নিলম্বিত করল কমিশন
আনন্দবাজার | ২১ এপ্রিল ২০২৬
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্যকে নিলম্বিত (সাসপেন্ড) করল নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। ফ্লাইং স্কোয়াডের ওই তিন নিলম্বিত সদস্যের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে, কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-এর সম্মতি ছাড়া তাঁদের ‘সাসপেনশন’ এবং বিভাগীয় পদক্ষেপ প্রত্যাহার করা যাবে না।
কমিশন যে তিন জনকে নিলম্বিত করেছে, তাঁরা হলেন সত্যরঞ্জন পাল, শৌভিক নন্দী এবং সুরঞ্জন দাস। ফ্লাইং স্কোয়াডের মূল কাজ হল এলাকায় ঘুরে ঘুরে পরিস্থিতির উপর নজর রাখা। কিন্তু তাঁরা সেই কাজ না-করে, এক জায়গায় বসে ছিলেন বলে অভিযোগ। কমিশন জানিয়েছে, নির্বাচনের জন্য নিযুক্ত আয়-ব্যয় পর্যবেক্ষকের আচমকা পরিদর্শনের সময়ে ফ্লাইং স্কোয়াডের ওই তিন সদস্য ধরা পড়ে যান।
কমিশন আরও জানিয়েছে, গত শুক্রবার ওই তিন জনের রাতের শিফ্টে কাজ ছিল। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত ডিউটি করার কথা ছিল তাঁদের। কিন্তু কমিশনের আয়-ব্যয় পর্যবেক্ষক ডি রাজনাথ কুমারের আচমকা পরিদর্শনের সময়ে কর্তব্যে গাফিলতির অভিযোগে ধরা পড়েন তাঁরা। গত শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ পর্যবেক্ষক দেখেন, ফ্লাইং স্কোয়াডের ওই তিন সদস্য ভবানীপুর থানার কাছে একটি জায়গায় বসে রয়েছেন। তাঁরা কোনও কাজ করছিলেন না বলে অভিযোগ কমিশনের। তাঁরা কী কাজ করেছেন, সেই সংক্রান্ত কোনও হিসাবও পর্যবেক্ষককে দেখাতে পারেননি বলে জানাচ্ছে কমিশন।
কমিশন মনে করছে, ফ্লাইং স্কোয়াডের তিন সদস্যকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা তাঁরা সঠিক ভাবে পালন করছিলেন না। এই অবস্থায় তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে অবিলম্বে নিলম্বিত করার নির্দেশ দিয়েছে কমিশন। তিন জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।