• বৃহস্পতিবার আবার ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে রাহুল, জনসভা করবেন শ্রীরামপুর, মেটিয়াবুরুজ, পার্ক সার্কাসে
    আনন্দবাজার | ২১ এপ্রিল ২০২৬
  • প্রথম দফার ভোটের দিনেই রাজ‍্যে তিনটি প্রচার সভা করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী । প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রীরামপুর, মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাস এলাকায় জনসভা করবেন তিনি। প্রসঙ্গত, শ্রীরামপুরে এ বার রাহুলের দলের প্রার্থী প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।

    আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে ভোটগ্রহণ হবে। এ বার সেখানেই প্রচারসূচি রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতির। প্রসঙ্গত, এর আগে গত ১৪ এপ্রিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদহের চাঁচল এবং মুর্শিদাবাদের সমশেরগঞ্জে সভা করেছিলেন রাহুল। তিনটি জায়গাতেই জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। আগামী বৃহস্পতিবার প্রথম দফায় ওই জেলাগুলিতে ভোটগ্রহণ হবে।

    গত ১৪ এপ্রিলের সভায় বিজেপি এবং আরএসএসের পাশাপাশি তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল। তিনি অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জমানায় পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়েছে, শিল্প বন্ধ হয়ে গিয়েছে, সিন্ডিকেটরাজ চলছে সাধারণ মানুষ কাজ পাচ্ছেন না। সেই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা মন্তব্য ছিল— ‘‘তৃণমূল পারবে না বিজেপিকে আটকাতে। কংগ্রেসই পারে প্রকৃত লড়াই দিতে।’’ সারদা চিটফান্ড, কয়লা ও নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শাসক দলের নেতারা লাভবান হয়েছেন।’’ প্রসঙ্গত, গত ৯ এপ্রিল কেরল, অসম, পুদুচেরিতে বিধানসভা ভোট মিটে গিয়েছে। আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২টি আসনের পাশাপাশি তামিলনাড়ুর ২৩৯টি কেন্দ্রের সবক’টিতে ভোটগ্রহণ হবে।
  • Link to this news (আনন্দবাজার)