প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনে চিঠি ৭০০ বিশিষ্টজনের! কী কারণে?
আনন্দবাজার | ২১ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি পাঠালেন দেশের ৭০০ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, গত ১৮ এপ্রিল সরকারি গণমাধ্যমে জাতির উদ্দেশে ভাষণের নামে প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের রাজনৈতিক আক্রমণ করেছেন। যা আদর্শ নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ চালু করার উদ্দেশ্যে মোদী সরকারের আনা সংবিধান সংশোধনী বিল খারিজ হয়ে গিয়েছিল গত শুক্রবার। এর পরে শনিবার রাতে দূরদর্শন, সংসদ টিভি ও আকাশবাণীতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন মোদী। অভিযোগ, সেখানে সংরক্ষণের আড়ালে সুবিধামতো আসন পুনর্বিন্যাস ও বৃদ্ধির বিষয়টি উহ্য রেখে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের ‘মহিলা বিরোধী’ হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর ওই বক্তৃতার পরেই বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করেছিল, সরকারি সম্প্রচার মাধ্যমকে ব্যবহার করে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালিয়েছেন তিনি। এ বার একই অভিযোগ তুললেন প্রাক্তন আমলা, সমাজকর্মী, শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত বিচারক-সহ ৭০০ জন বিশিষ্ট নাগরিক। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোটের আগে এ বিষয়ে পদক্ষেপ করার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে চিঠি পাঠিয়েছেন তাঁরা।