• বীরভূমে ভোট প্রচারে এসে ‘এনকাউন্টার’-এর পক্ষে সওয়াল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের, নারী নিরাপত্তায় ‘দুর্গা স্কোয়াড’
    আনন্দবাজার | ২১ এপ্রিল ২০২৬
  • ভোটপ্রচারে বীরভূমে এসে সোমবার নানুর ও সাঁইথিয়ায় রোড শো ও সভা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সওয়াল করলেন ‘এনকাউন্টার’-এর পক্ষে। প্রচার থেকে বাদ গেল না বাঙালির প্রিয় মাছও। সেই সঙ্গে বিজেপি নেতার দাবি, দুই তৃতীয়াংশ আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। ভোটপ্রচার থেকে বাদ গেল না ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গও।

    সভা থেকে রাজনাথ বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের গুন্ডারা হয় জেলে যাবে নয়তো উপরে যাবে।’’ হুঁশিয়ারি, এখন যাঁরা ‘ভয়’ দেখাবেন বিজেপি সরকার গঠন করার পরে তাঁদের জন্য ‘খাট ভাড়া’ করে দেওয়া হবে। তাঁর দাবি, বাংলায় ১৫ বছর ক্ষমতায় থেকে কোনও উন্নয়ন করেনি তৃণমূল। অথচ অন্যান্য অনেক রাজ্যে মাত্র পাঁচ থেকে আট বছরেই উন্নতি হয়েছে। আরও দাবি, আগে ভারতের অর্থনীতির দশ শতাংশের নেপথ্যে ছিল পশ্চিমবঙ্গ। তৃণমূল আসার পরে তা কমে হয়েছে মাত্র পাঁচ শতাংশ। রাজনাথের প্রতিশ্রুতি, বিজেপি ১০ বছর সময় পেলেই সব কিছুতেই উপরের সারিতে থাকবে পশ্চিমবঙ্গ। দাবি, মাছ উৎপাদনে প্রথম হবে বাংলা। কোনও দুর্নীতি থাকবে না। অভিযোগ, তৃণমূল আমলে শিল্পপতিরা বাংলা থেকে ‘পালিয়ে’ যাচ্ছেন। মেধাবী যুবকেরা কাজের জন্য ভিন্ রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রীর আরও অভিযোগ, তৃণমূলের জন্য দুর্নীতি ও পরিবারতন্ত্রে ছেয়ে গিয়েছে বাংলা। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে বিঁধে তাঁর দাবি, তৃণমূল শুধু বাংলা নয় দেশেরও ক্ষতি করছে। মোথাবাড়ির ঘটনা উল্লেখ করেও সোমবার রাজ্যের শাসকদলকে আক্রমণ শানান প্রতিরক্ষামন্ত্রী।

    রাজনাথের প্রতিশ্রুতি, সরকার গঠন হলে দেড় মাসের মধ্যে সপ্তম পে কমিশন চালু করা হবে। নারী নিরাত্তায় ‘দুর্গা স্কোয়াড’ গঠন হবে। পাঁচ বছরে পাঁচ লক্ষ কর্মসংস্থান, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া, চাষিদের উন্নয়নের কথাও বলেন তিনি। ভোটের প্রচারে রাজনাথের মুখে উঠে আসে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গও। জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
  • Link to this news (আনন্দবাজার)