তাপপ্রবাহের পূর্বাভাস দুই জেলায়! উত্তরে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে থাকবে অস্বস্তিকর গরম
আনন্দবাজার | ২১ এপ্রিল ২০২৬
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলেও উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার জন্য অস্বস্তি বৃদ্ধি পেয়েছে।
আগামী সাত দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের দুই জেলা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ, দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি পর্যন্ত বেশি হয়ে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।
বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরেও মঙ্গলবার থেকে আগামী চার-পাঁচ দিন উষ্ণ এবং আর্দ্র থাকবে আবহাওয়া। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম কমবে না। রবিবার এবং আগামী সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ২৭-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।
তবে উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে একেবারে উত্তরের দিকের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। মালদহ এবং দুই দিনাজপুরেও সপ্তাহান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।