• কমিশনের নির্দেশ মেনে ভোটের আগে চার দাগিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, উদ্ধার ৬ লক্ষ ৩৩ হাজার টাকা
    আনন্দবাজার | ২১ এপ্রিল ২০২৬
  • কলকাতার চার জন ‘ট্রাবল মেকার’কে
    গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। এঁদের কারও বিরুদ্ধে আর্মস অ‍্যাক্ট
    (অস্ত্র আইন) কারও বিরুদ্ধে অতীতে ঝামেলা পাকানোর ইতিহাস রয়েছে বলে পুলিশের দাবি।
    ধৃতদের নাম— জয়দেব মালাকার ওরফে ম‍্যান্ডেলা( টালিগঞ্জ এলাকা), মিন্টু ঘোড়ুই ওরফে বল্টু
    (পঞ্চসায়র এলাকা), অর্পণ চক্রবর্তী (বাঁশদ্রোণী এলাকা) এবং শাহাদত
    হোসেন ওরফে শাকা (একবালপুর এলাকা)।

    এদের মধ্যে অর্পণের বিরুদ্ধে অস্ত্র
    আইনে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া, মঙ্গলবার শহরের তিনটি
    এলাকায় নাকা চেকিং-এ মোট ৬ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। জোড়াসাঁকো
    বিধানসভা এলাকায় বড়তলা থানা ৪ লক্ষ টাকা উদ্ধার করেছে। বেলেঘাটা বিধানসভা এলাকার
    সিআইটি রোড থেকে ১লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা এবং ভবানীপুর বিধানসভা এলাকার শেক্সপিয়র
    সরণি থানা ১ লক্ষ টাকা উদ্ধার করেছে।

    পাশাপাশি, কলকাতা পুলিশ জানিয়েছে নির্বাচন
    ঘোষণার পর থেকে শহরে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৬৭ রাউন্ড গুলি এবং ১৭২টি বোমা উদ্ধার করা
    হয়েছে। পুলিশ ১ কোটি ৭১ লক্ষ ২ হাজার ১০২ টাকা উদ্ধার করেছে। পুলিশ এবং কেন্দ্রীয়
    বাহিনী মিলে যে নাকা চেকিং এবং যৌথ অভিযান চালাচ্ছে তাতে ১ কোটি ৫১ লক্ষ ৯৩ হাজার ৬৫০
    টাকা উদ্ধার হয়েছে। অন্য দিকে, ভোটের আগে কলকাতায় বহিরাগতদের যাতায়াত নিয়ন্ত্রণে
    বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসগুলির দিকেও নজরদারি চলছে বলে লালবাজারের একটি সূত্র
    জানাচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)