দক্ষিণবঙ্গে মমতা-অভিষেকের একাধিক কর্মসূচি। ভোটপ্রচারে রাজ্যে শাহ। লখনউ বনাম রাজস্থান। আর কী কী
আনন্দবাজার | ২২ এপ্রিল ২০২৬
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামিকাল। তার আগের দিন, অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারসভা করে দলীয় প্রার্থীদের হয়ে ভোট চাইবেন। তিনি উত্তর ২৪ পরগনার আমডাঙা বিধানসভায় কাশেম সিদ্দিকীর হয়ে জনসভা করবেন। হুগলি জেলার হরিপালের প্রার্থী করবী মান্নার হয়েও সভা করবেন পরে। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুন্দরবন এবং দেগঙ্গা বিধানসভায় জনসভা করবেন। পরে নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সমর্থনে একটি রোড শো-ও করবেন তিনি।
আজ পশ্চিমবঙ্গে ভোটপ্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তাঁর জোড়া জনসভা রয়েছে। প্রথম সভা হুগলির সপ্তগ্রামে। সেখান থেকে তিনি চলে যাবেন উত্তর ২৪ পরগনায়। হাবড়ায় জনসভা করবেন শাহ। আজ তাঁর ভোটপ্রচার সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
আজ আইপ্যাক মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বেলা ১১টা নাগাদ বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। তবে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে কি না সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা। পাল্টা ইডির তরফ থেকে আজ সওয়াল করার কথা। এই অবস্থায় সুপ্রিম কোর্টে কী হয় আজ সে দিকে নজর থাকবে।
ভোটের আগে তাদের ৮০০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা করে কলকাতা হাই কোর্টে মামলা করেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের বক্তব্য, রাজনৈতিক ভাবে চাপে রাখার কারণে ওই পদক্ষেপ করা হচ্ছে। নির্বাচন কমিশন পুলিশকে দিয়ে গ্রেফতার করাতে পারে। যদিও ওই দাবি অস্বীকার করেছে কমিশন। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। সেখানে কী হয় নজর থাকবে।
আইপিএলে আজ আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। লখনউ সুপার জায়ান্টস খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। দুই দলেরই শেষ কয়েকটি ম্যাচ ভাল যায়নি। ঋষভ পন্থের লখনউ শেষ তিনটি ম্যাচ হেরেছে। তাদের নেট রানরেট সবচেয়ে খারাপ। অন্য দিকে রিয়ান পরাগের রাজস্থান শেষ দু’টি ম্যাচ হেরেছে। তার মধ্যে শেষ ম্যাচে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছেও। কেকেআরের সেটিই প্রথম জয় ছিল। ফলে একটিও ম্যাচ জিততে না পারা কলকাতার কাছে হারটা বড় ধাক্কা রাজস্থানের। তবে আজ জিতলে দ্বিতীয় স্থানে চলে আসবে তারা। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ দক্ষিণের দুই জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বেশ কয়েকটি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামিকাল প্রথম দফার ভোট রয়েছে যে ১৬টি জেলায়, তার মধ্যে ছ’টিতেই গরমের জন্য রয়েছে হলুদ সতর্কতা। অর্থাৎ ভোটের লাইনে দাঁড়িয়ে বেশ বেগ পেতে হতে পারে ভোটারদের।
ইরান এবং আমেরিকার দু’সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হচ্ছে আজ। তবে পাকিস্তানে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনা ঘিরে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান জানিয়ে দিয়েছে তারা এখনই আমেরিকার সঙ্গে আলোচনায় বসছে না। যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। পাকিস্তান-সহ মধ্যস্থতাকারী দেশগুলিও ইরানকে বৈঠকের জন্য রাজি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।