• ‘সাজঘর’ ছবির ভবিষ্যৎ বিশ বাঁও জলে! প্রযোজক সুমনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলাও?
    আনন্দবাজার | ২২ এপ্রিল ২০২৬
  • প্রযোজক সুমন সেনগুপ্তের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছেন পরিচালক অঞ্জন কাঞ্জিলাল। তাঁর বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক না মেটানোর অভিযোগ উঠতেই বিশ বাঁও জলে ‘সাজঘর’ ছবির মুক্তি। প্রযোজকের দাবি, তিনি সবার পারিশ্রমিক মিটিয়ে দিয়েছেন। কয়েক জনের পারিশ্রমিক বাকি আছে। এই বিতর্কে এ বার মুখ খুললেন ছবির দুই শিল্পী।

    এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। আর বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেতা অঙ্কুশ। অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার ডট কম-এর তরফে। অঙ্কুশ বললেন, “প্রথমে অল্প কিছু পারিশ্রমিক পেয়েছিলাম। বাকিটা এখনও পাইনি। আমি তো চাই সামনাসামনি কথা বলুন উনি নিজে। কোনও মিডিয়া থাকবে না। আমি, বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়), ঐন্দ্রিলা থাকব। ভিডিয়ো করা থাকবে সব কথোপকথন। সামনে এসে বলুক।”

    একই অভিযোগ ঐন্দ্রিলারও। তিনি জানিয়েছেন, অগ্রিম কিছু পেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর রূপটানশিল্পী থেকে পোশাকশিল্পী— সবার পারিশ্রমিক বাকি এখনও, দাবি ঐন্দ্রিলার। তিনি বলেন, “আমার ভুয়ো সই দেখিয়ে সুমন বলেছিলেন অঙ্কুশের পারিশ্রমিক তিনি দিয়েছেন। পুলিশে যাইনি এটাই বড় কথা। সাহস থাকলে উনি সামনাসামনি এসে সবটা বলুন।”

    এই অভিযোগের ভিত্তিতে প্রযোজকের সঙ্গে আবার যোগাযোগ করা হয়। তিনি নায়ক-নায়িকার এই দাবি মানতে নারাজ। প্রযোজক বলেছেন, ‘‘অঙ্কুশ-ঐন্দ্রিলা বাড়তি পারিশ্রমিক আগে থেকে নিয়ে বসে আছে, সেটা ফেরত দিলে অনেককে পারিশ্রমিক দিয়ে দেওয়া যাবে।’’ তবে এই প্রসঙ্গে আগে তিনি জানিয়েছিলেন, ‘সাজঘর’ ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত অন্য কোনও ছবিতে হাত দেবেন না।
  • Link to this news (আনন্দবাজার)