• মাত্র আট মাসেই বন্ধ ‘বৃন্দাবন বিলাসিনী’, কেন এই সিদ্ধান্ত নেওয়া হল? প্রশ্নে কী উত্তর দিলেন নায়িকা সুদীপ্তা?
    আনন্দবাজার | ২২ এপ্রিল ২০২৬
  • অল্প দিনে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া খুব একটা নতুন ব্যাপার নয়। গত কয়েক বছরে টেলিপাড়ায় এই নতুন ধারা তৈরি হয়েছে। শোনা যায়, মূলত টিআরপির ওঠাপড়ার কারণেই কোপ পড়ছে ছোটপর্দার কাহিনির উপরে। যেমন, আট মাসের মাথায় ‘বৃন্দাবন বিলাসিনী’ বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে সর্বত্র।

    সত্যিই কি বন্ধ হচ্ছে এই কাহিনি? ধারাবাহিকের নায়িকা সুদীপ্তা রায় জানিয়েছেন, তিন-চার দিন হয়ে গেল শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে। এই ধারাবাহিকে তাঁকে বিষ্ণুপ্রিয় কীর্তনিয়া বিনুর চরিত্রে দেখেছে দর্শক। কয়েক মাসে দর্শকের মনে নিজের জায়গা গড়ে নিয়েছিলেন সুদীপ্তা। কিন্তু তার পরেও কেন এত অল্প দিনে শেষ হয়ে গেল এই ধারাবাহিক?

    এই প্রসঙ্গে, আনন্দবাজার ডট কম-কে সুদীপ্তা বললেন, “কেন বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক, তার সঠিক কারণ তো আমাদের বলা হয়নি। তবে শুনছিলাম বাজেটের কিছু ব্যাপার ছিল। তবে সঠিক কি না তা বলতে পারব না। কিন্তু এই ধারাবাহিকের আগে যে কাজটা করেছিলাম আমি, সেটা দু’বছরের প্রায় বেশি সময় ধরে চলেছিল।” ছোটপর্দার এই পরিবর্তিত ধারায় নিজেরা কি আগে থেকে মানসিক ভাবে প্রস্তুত থাকেন?

    সুদীপ্তা যোগ করেন, “এখন মোটামুটি মানসিক প্রস্তুতি থাকেই। কারণ, গত কয়েক বছরে তো এমনটাই হচ্ছে। কখন ধারাবাহিক বন্ধ হয়ে যায় সেটা তো আগে থেকে বোঝা যায় না। তাই আগে থেকেই প্রস্তুত থাকি যে কোনও পরিস্থিতির জন্য।” এর মধ্যে কি নতুন কাজের কথা হয়ে গিয়েছে? সেই কথা এখনই খোলসা করতে নারাজ সুদীপ্তা।
  • Link to this news (আনন্দবাজার)