সীমান্তে বেড়া, রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন কোর্টের
আনন্দবাজার | ২৩ এপ্রিল ২০২৬
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকারের অধিগৃহীত জমি প্রতিরক্ষা মন্ত্রকের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের মনোভাব নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। এর পাশাপাশি বুধবার আদালতে ত্রুটিপূর্ণ রিপোর্ট দেওয়ার জন্য রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিশেষ সচিবকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে কোর্ট। বুধবার, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। বেঞ্চের আরও নির্দেশ, রাজ্যকে সবিস্তার হলফনামা আকারে রিপোর্ট দিয়ে জানাতে হবে ১২৮ কিলোমিটার অধিগৃহীত জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার জন্য কী পদক্ষেপ করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ মে।
এর আগে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকারের অধিগৃহীত জমি ৩১ মার্চের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এ দিন রাজ্যের আইনজীবী সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেন। রিপোর্টটি বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, অসম্পূর্ণ রিপোর্ট দিয়েছেন আধিকারিক। শুধু তা-ই নয় কোনও হলফনামা ছাড়াই রিপোর্ট দেওয়া হয়েছে। কেন জমি হস্তান্তর করতে এত সময় লাগছে সেই বিষয়েও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রধান বিচারপতি সুজয় পালের আরও মন্তব্য, "ভূমি দফতরের আধিকারিক রিপোর্টে জানিয়েছেন যে অধিগৃহীত জমির দলিল বাহিনীর হাতে তুলে দিতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। কিন্তু কোর্টের নির্দেশের তিন মাস পরেও মাত্র ৮ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ করতে উদাসীন রাজ্য।”