অবশেষে ভোট দিলেন চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ বোলপুরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন ওই বৃদ্ধ দম্পতি।
সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং ট্রাইবুনালের রায়ের পরেও বৃহস্পতিবার প্রথমে ভোট দিতে পারেননি সুপ্রবুদ্ধ এবং দীপা। ভোটকেন্দ্রে গেলে বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ভোটার তালিকায় দু’জনেরই নাম নেই। বৃদ্ধ দম্পতি সুপ্রিম কোর্টের নির্দেশের অংশটি দেখালে সেটির মুদ্রিত অংশ দিতে বলা হয়। তা করার পরেও সুপ্রবুদ্ধ এবং দীপা ভোট দিতে পারেননি। অভিযোগ, তাঁদের বলা হয় সিউড়িতে জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। বৃদ্ধ দম্পতি বোলপুর থেকে আর সিউড়ি যাওয়ার ধকল নিতে চাননি। ভোট না-দিয়েই ফিরে যান তাঁরা।
দুপুর ১২টা নাগাদ আনন্দবাজার ডট কম এই মর্মে খবর প্রকাশ করে। তার পরেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। জেলাশাসক (ডিএম) এই বিষয়ে মহকুমাশাসককে এবং মহকুমাশাসক রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কমিশনের তরফেই বৃদ্ধ দম্পতিকে ভোট দিতে যাওয়ার অনুরোধ করা হয়। বিকেলে ভোট দেন সুপ্রবুদ্ধ এবং তাঁর স্ত্রী।