• ভাঙন রোধে নীরব শাহ, হতাশ বলাগড়
    আনন্দবাজার | ২৪ এপ্রিল ২০২৬
  • গঙ্গার ভাঙনে জেরবার বলাগড় বিধানসভা এলাকার মানুষ। অথচ, এখানে ভোটের প্রচারে এসে ভাঙন প্রতিরোধে একটি শব্দও খরচ করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে বলাগড়বাসী হতাশ।

    বিজেপি প্রার্থী সুমনা সরকারের সমর্থনে বৃহস্পতিবার জিরাটের কবুড়া পাঁচপাড়ায় তরুণ সঙ্ঘের মাঠে সভা থেকে নানা প্রতিশ্রুতি দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, রাজ্যে বিজেপি সরকার গড়লে ১৫ কোটি টাকা দিয়ে ‘বাংলার বাঘ’ আশুতোষ মুখোপাধ্যায় ও তাঁর পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে স্মৃতিসৌধ তৈরি করা হবে বলাগড়ে। তাঁর মন্তব্য, ‘‘এক সময় বলাগড়ের নৌকা-উদ্যোগ রোজগার দিত।মমতা বন্দ্যোপাধ্যায়ের সিন্ডিকেটের কারণে তা বন্ধ হয়ে গিয়েছে।’’ তৃণমূলের আমলে নৌকা তৈরির ৪১টি কারখানা বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে দায়ী করেন মমতাকে। তাঁর সংযোজন, ‘‘সুমনা সরকারকে বিধায়ক নির্বাচিত করলে সমস্ত নৌকা তৈরির কারখানা ফের শুরু হবে।’’

    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায় ভাঙন প্রসঙ্গ না থাকা নিয়ে শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের চাদরার বাসিন্দা রাজা ঘোষ বলেন, “আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ বানাবেন, ভাল কথা। জিরাটে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি গঙ্গার ভাঙন থেকে কিছুটা দূরে। সেই বাড়ি ভাঙনের কবলে পড়বে না, তার নিশ্চয়তা কে দেবে! আশা করেছিলাম, উনি ভাঙন রোধে পরিকল্পনার কথা শোনাবেন। হতাশ হলাম।’’

    বলাগড় বিধানসভায় ১৭টি পঞ্চায়েতের মধ্যে ন’টিতে ভাঙনের সমস্যা রয়েছে। জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি এলাকায় একটি মৌজা চলে গিয়েছে নদীগর্ভে। চাঁদড়ায় বহু বাড়ি তলিয়েছে।

    বলাগড়ে নৌ-শিল্প এখন ‘জিআই’ তকমা পাওয়ার অপেক্ষায়। নৌ-শিল্পী সমিতির সম্পাদক উৎপল বারিক বলেন, ‘‘৪১টি কারখানা মোটেই বন্ধ হয়নি। ভুল বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন প্রায় ৩০টি কারখানা আছে। রাজ্য সরকার নৌ-শিল্পীদের অনেক সহযোগিতা করেছে।’’ তাঁর দাবি, ‘‘আমাদের সংগঠনের নামে স্বরাষ্ট্রমন্ত্রীকে নৌকার একটি প্রতিরূপ উপহার দেওয়া হয়েছে। অথচ, আমাদের তা জানানো হয়নি।’’

    উৎপল অবশ্য মানছেন, গোটা চল্লিশ কারখানার মধ্যে ৮-১০টি গত কয়েক বছরে বন্ধ হয়েছে। নানা কারণে বলাগড়ের নৌ-শিল্পের অবস্থা বিশেষ ভাল নয় বলেও শিল্পীদের কেউ কেউ জানাচ্ছেন।

    সুমনা বলেন, ‘‘গঙ্গা ভাঙন রোধে আগামী দিনে লড়াই করব। নৌকা তৈরির অনেক কারখানাই বন্ধ হয়েছে। এখানে শিল্প নেই, ওই সমিতির লোকজন জানেন না। বিজেপির সরকার হলে শিল্প, কর্মসংস্থান সবই হবে।’’

    তৃণমূল প্রার্থী রঞ্জন ধারার মন্তব্য, ‘‘বিজেপি গঙ্গার ভাঙন রোধ করতে চায় না। তাই স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কিছু বলেনি। আমাদের সংসদ রচনা বন্দোপাধ্যায় সংসদে গঙ্গা ভাঙন নিয়ে বলেছিলেন। আগামী দিনে আমরাই ভাঙন রোধ নিয়ে ভাবব।’’
  • Link to this news (আনন্দবাজার)