ইভিএম লুটের চেষ্টার অভিযোগে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, হলদিয়া বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমে যেখানে সমস্ত ইভিএম রাখা হয়েছে, সেখানে কিছু বিজেপি কর্মী-সমর্থক এবং অপরিচিত দুষ্কৃতী হামলা চালায় এবং ইভিএম লুট করার চেষ্টা করে। এই অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে চিঠি লিখেছে তৃণমূল। তাদের দাবি, আদর্শ আচরণবিধি ভঙ্গের এই ঘটনার জবাবদিহি চেয়ে বিজেপি নেতাদের কারণ দর্শানোর নোটিস দিতে হবে। পুরো ঘটনাস্থল ঘিরে ফেলতে হবে এবং ফরেন্সিক দলকে নিয়ে এসে ইভিএম, ভিভিপ্যাট এবং সিসিটিভি পরীক্ষা করাতে হবে এবং সংশ্লিষ্ট বিজেপি নেতাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। ইভিএম বদলের অভিযোগে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁ-সহ অনেক নেতা সরব হয়েছিলেন। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবারই নিউ টাউনের একটি হোটেলে বলেছেন, ‘‘আমরা এই ধরনের অভিযোগ শুনেছি। যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি। আমাদের প্রতিনিধিদল কমিশনে গিয়ে আরও সদর্থক ভূমিকা নেওয়ার দাবি জানাবে।’’