ভোটের উত্তাপ এ বার ছড়িয়ে পড়ল বিজেপি এবং কংগ্রেসের শীর্ষ নেতাদের সম্বোধনেও। গত কয়েক দিনের মতো আজও তৃণমূল রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যথাক্রমে ‘নরেন্দ্র’ ও ‘অমিত’ সম্বোধনে পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির আশু পরাজয়ের দাবি করে প্রধানমন্ত্রীর পদত্যাগও চেয়েছেন তিনি। এর পরই পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক্স মাধ্যমে একের পর এক পোস্টে তিনি বিদ্ধ করেছেন তৃণমূল নেতাকে।
আজ সকালে ডেরেক শোরগোল ফেলে দেন তাঁর আগ্রাসী পোস্টে। সেখানে তিনি লেখেন, ‘‘নরেন্দ্র, আপনি ঘোষণা করেছেন যে, বাংলার ২৯৪টি আসনে আপনিই প্রার্থী। এত বড় বড় কথা বন্ধ করুন। ৪ মে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পর প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। চ্যালেঞ্জ গ্রহণ করুন।’’ এর পর তিনি ‘অমিত’ সম্বোধনে আরও একটি পোস্ট করে ভোটের হার নিয়ে বিজেপির ‘মিথ্যা ভাষ্য’ নিয়ে সরব হন।
প্রসঙ্গত ডেরেক গত কয়েক সপ্তাহ ধরেই বলছিলেন, যেহেতু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাঁদের জনসভায় একাধিক বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামটুকু ধরেই সম্বোধন করছেন, তাই পাল্টা এই সম্বোধন। আজ ডেরেকের পোস্টের পর আসরে নামেন ধর্মেন্দ্র প্রধান। লেখেন, ‘‘এই অতি উদ্ধত বিবৃতির মাধ্যমেই বোঝা যায়, ডেরেক ও’ব্রায়েন পশ্চিমবঙ্গের পরিবর্তনশীল আবেগের থেকে কত বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। এটাও বোঝা যাচ্ছে, তৃণমূলের পীড়নকারীরা এক সময় ভেবেছিলেন গোটা দেশকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবেন। এখন বুঝতে পারছেন যে, আতঙ্কের রাজনীতি নড়ে যাচ্ছে।’’ তাঁর বক্তব্য, ‘‘প্রশাসনের নামে হুমকি দিয়ে ভয় দেখানো নেতারা যখন দেশের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দেন, তখন তা তাঁদের আত্মবিশ্বাস বা শক্তিকে তুলে ধরে না, বরং রাজনৈতিক নিরাপত্তাহীনতা, ভয় এবং উগ্র ব্যবহারকেই সামনে নিয়ে আসে।’’