৬০ কিমি বেগে ঝড় হতে পারে দক্ষিণের ১১টি জেলায়! সঙ্গে বৃষ্টি, চলবে কত দিন? কলকাতায় কালবৈশাখী কবে?
আনন্দবাজার | ২৬ এপ্রিল ২০২৬
বৈশাখে রোদের তেজ বেড়েই চলেছে। পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। গরমে হাঁসফাঁস করা এই অবস্থা থেকে শীঘ্রই মুক্তি মিলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার থেকেই সর্বত্র বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টি শুরু হবে। সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তবে রবিবার থেকে কলকাতাও ঝড়বৃষ্টি হবে। রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
কিছু জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। সমুদ্রের উপরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তার ফলে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা সংলগ্ন সমুদ্রে মঙ্গলবার পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি বেশি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরের এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। রাজ্যের সর্বত্র আগামী পাঁচ দিনে তাপমাত্রাও কমবে তিন থেকে চার ডিগ্রি।
পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যা বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। সমুদ্রতল থেকে এর উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, উত্তরপ্রদেশ এবং তার আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে আবার ঢুকতে শুরু করেছে। তাতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে শনিবার পর্যন্ত গরমের অস্বস্তিও জারি থাকবে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি।