ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়া বন্ধ করতে হবে! নির্দেশ নির্বাচন কমিশনের, কাকদ্বীপ যাচ্ছেন সিইও মনোজ
আনন্দবাজার | ২৬ এপ্রিল ২০২৬
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে জানাল নির্বাচন কমিশন। আর সেই বিষয়টি আসতেই সেখানকার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ভোটাররা যাতে নির্ভয়ে থাকতে পারেন, তাঁদের যাতে কোনও হুমকির মুখে পড়তে না হয়, তার ব্যবস্থা করতে হবে। এবং এই পদক্ষেপ করতে হবে রবিবারের মধ্যেই। ভোটারদের ভয়মুক্ত করার কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছে কমিশন। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে যাওয়ার কথা রয়েছে সিইও মনোজ অগ্রবালের।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে কয়েকটি বাইকে করে দুষ্কৃতীরা হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই বাইক মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছে, ‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন’। এই অভিযোগ কমিশনের কাছে আসতেই, সেখানকার নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
রবিবার কাকদ্বীপ গিয়ে সেখানে প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক করবেন মনোজ। তার পর কাছাকাছি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে। তার পর সেখান থেকে পূর্ব বর্ধমানের কাটোয়ার উদ্দেশে রওনা দেবেন। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় যে ১৪২টি কেন্দ্রে ভোট হবে, তার মধ্যে রয়েছে কাকদ্বীপ এবং কাটোয়া। কাটোয়াতেও তিনি প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন। তার পর নির্বাচনী আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং নিরাপত্তাবাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
প্রসঙ্গত, গত শুক্রবার ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-সহ ৫ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। কমিশনের তরফে মুখ্যসচিবকে জানানো হয়, বিধানসভা ভোটের আগে ‘আচরণবিধির গুরুতর লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার কারণে’ সাসপেন্ড হওয়া পাঁচ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। তার পরই ওই পাঁচ জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।