• ভাঙড়ে বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত পাকড়াও এনআইএ-র হাতে, হামলায় নিহত হন এক, জখম হয়েছিলেন তিন
    আনন্দবাজার | ২৭ এপ্রিল ২০২৬
  • ভাঙড় বোমা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল এনআইএ। রবিবার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে পাকড়াও হয়েছেন অহিদুল ইসলাম মোল্লা।

    স্থানীয় সূত্রে খবর, এনআইএ-র হাতে ধৃত অহিদুলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায়। শনিবার এলাকায় ফিরতেই জনরোষের মুখে পড়েছিলেন তিনি। ভাঙড়-২ ব্লকের চালতাবেড়িয়া এলাকায় তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে।

    দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন অহিদুল। ভোট ঘোষণা হওয়ার পর ভাঙড়ের বামুনিয়া এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁর নাম জড়ায়। ওই ঘটনায় এক জনের মৃত্যু হয় এবং বোমা তৈরির সময় আরও কয়েকজন জখম হন। প্রথমে বিজয়গঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলার দায়িত্ব নেয় এনআইএ। এর মধ্যে শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর বাড়ি ফেরার সময় চালতাবেড়িয়া এলাকায় একটি চারচাকা গাড়ি করে যাচ্ছিলেন তিনি। সেই সময় গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে মারধর করেন। পরে বিজয়গঞ্জ থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল।

    রবিবার এনআইএ জানিয়েছে, অহিদুল বিস্ফোরণ মামলার অন্যতম ষড়যন্ত্রী। তদন্তে উঠে এসেছে বোমা তৈরি থেকে হামলার ছক, সবেতেই তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ। এ নিয়ে তদন্ত চলছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।
  • Link to this news (আনন্দবাজার)