• মমতার ওয়ার্ডেই বিধায়ক কার্যালয় গড়বেন, প্রচারে আশ্বাস দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু
    আনন্দবাজার | ২৭ এপ্রিল ২০২৬
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডেই বিধায়ক কার্যালয় গড়ে মানুষকে পরিষেবা দেবেন তিনি। এমনটাই আশ্বাস দিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন ৭৩ নম্বর ওয়ার্ডের পটুয়াপাড়ায় এক পথসভার আয়োজন করেছিল বিজেপি। মমতার পাশের পাড়ায় এই সভার আয়োজন করায় স্বাভাবিক কারণেই আগাগোড়াই শুভেন্দুর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার। ভবানীপুর কেন্দ্রের মানুষ বিধায়ক পরিষেবা পাননি বলেও অভিযোগ করেন তিনি।

    শুভেন্দু বলেন, ‘‘আপনারা গত ১৫ বছর বিধায়ক কাকে বলে দেখেননি। এমনকি পরিষেবা কাকে বলে তাও জানেন না। আমি কথা দিচ্ছি, আমি ভবানীপুরে থেকে আপনাদের বিধায়ক পরিষেবা দেব।’’ তিনি আরও বলেন, ‘‘ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডেই আমি বিধায়ক কার্যালয় তৈরি করে আপনাদের পরিষেবা দেব, আপনাদের আর কোনও সমস্যায় পড়তে হবে না।’’ প্রসঙ্গত, যে পটুয়াপাড়ায় বিজেপির এই প্রচার সভাটি হচ্ছিল, সেই গলির মোড়েই রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়।

    ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে গিয়েছিল বিজেপি। এ বার সেই ফলের পুনরাবৃত্তি করতে চান বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর ওয়ার্ডের প্রচারসভা শেষ করে শুভেন্দু যান ৬৩ নম্বর ওয়ার্ডে সদর স্ট্রিটের জনসংযোগ যাত্রায়। সদর স্ট্রিট, কিড স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট এবং টটি রোডে এসে এই প্রচারসভা শেষ হয়। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষের সঙ্গেও জনসংযোগ করেন বিজেপি প্রার্থী।
  • Link to this news (আনন্দবাজার)