অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন? তার উত্তর এখনও অধরা
আনন্দবাজার | ২৭ এপ্রিল ২০২৬
দীর্ঘ ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন তিনি। রবিবার সকালে হঠাৎই ওই বন্ধুর বাড়িতে পৌঁছেছেন তিনি। তবে উৎসবের বন্ধু সেই যুবকের বক্তব্য, এত দিন তিনি কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট করে জানাননি। উৎসবের দিল্লিতে পৌঁছোনোর খবর পেয়ে তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমবার দিল্লি গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন তিনি।
উৎসবের ঘনিষ্ঠ বন্ধু সূত্রে খবর, তাঁর ফিরে আসার খবর জানানো হয়েছে তাঁর স্ত্রীকে। তা ছাড়া লালবাজারের মিসিং পার্সন’স স্কোয়াড এবং আনন্দপুর থানায় খবরও দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে। আনন্দবাজার ডট কম-এর তরফে আনন্দপুর থানায় যোগাযোগ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, পরিচালকের স্ত্রী থানায় আসেন। থানার উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে ভিডিয়ো কলে উৎসবের কথা বলানো হয়। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ থানায় খাতায়কলমে নথিভুক্ত করা হয় যে, উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে।
উৎসবের নিখোঁজ হওয়ার খবর প্রথম সমাজমাধ্যমে জানিয়েছিলেন তাঁর স্ত্রী। পরিচালকের খোঁজ মিলতেই মৌপিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রবিবার সকালে আনন্দপুর থানা থেকে ডেকে পাঠানো হয় আমাকে। যাওয়ার পথে উৎসবের বন্ধুর ফোন পাই। তাঁর বাড়িতেই আপাতত উৎসব রয়েছে বলে জানানো হয় আমাকে। থানায় গিয়ে বুঝতে পারি, লালবাজার আগেই খবর পেয়েছিল। ও ঠিক কোথায় আছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা বারণ। পুলিশেরই নির্দেশ। আমার সঙ্গে উৎসবের অল্প ক্ষণ কথা হয়েছে। ক্লান্ত ছিল, ঘুমোচ্ছিল।”
২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব। ওই বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক। উৎসবের স্ত্রী আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে পরিচালকের শেষ বার কথা হয়েছিল দুপুর ২টো ২২ নাগাদ। তার পর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন স্ত্রী। এর পরে ২৪ দিন কেটে গিয়েছে। অবশেষে তাঁর খোঁজ মিলেছে। সোমবার ট্রেনপথে দিল্লি যাওয়ার সম্ভাবনা মৌপিয়ার। “এই মুহূর্তে ওকে কলকাতায় নিয়ে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ”, বলেন উৎসবের স্ত্রী।