• রিঙ্কুর রেকর্ড! ধোনিকে ছাপিয়ে গেলেন কেকেআরের জয়ের নায়ক, অল্পের জন্য ছোঁয়া হল না রাসেলকে
    আনন্দবাজার | ২৭ এপ্রিল ২০২৬
  • সঙ্কটমোচন রিঙ্কু! লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের জয়ের পর রিঙ্কু সিংহকে এই নামেই ডাকেন হর্ষ ভোগলে। রিঙ্কু তা হেসে উড়িয়ে দিলেও তিনিই যে কেকেআরকে জিতিয়েছেন, তাতে কোনও সন্দেহ নেই। প্রথমে ব্যাট করতে নেমে ৫১ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছেন রিঙ্কু। এই ইনিংস খেলে রেকর্ড গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার।

    ধোনিকে টপকেছেন রিঙ্কু

    আইপিএলে প্রথম ইনিংসে ছয় বা তার নীচে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন রিঙ্কু। লখনউয়ের বিরুদ্ধে তিনি করেছেন ৫১ বলে অপরাজিত ৮৩ রান। এটিই নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিংহ ধোনির দখলে। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪০ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন ধোনি। ১৫ বছর ধরে সেটিই রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙেছেন কেকেআরের ব্যাটার।

    এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দীনেশ কার্তিক। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৯ রান করেছিলেন তিনি। চার নম্বরে শার্দূল ঠাকুর। কেকেআরের হয়েই ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

    রাসেলের পরেই রিঙ্কু

    ভারতীয় ও বিদেশি ব্যাটারদের মধ্যে ম্যাচের প্রথম ইনিংসে ছয় বা তার নীচে ব্যাট করতে নেমে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন রিঙ্কু। তাঁর উপরে শুধু রয়েছেন আন্দ্রে রাসেল। ২০১৮ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রান করেছিলেন তিনি। রিঙ্কু করেছেন অপরাজিত ৮৩ রান।

    হার্দিকদের ক্লাবে রিঙ্কু

    আইপিএলের ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে ছয় বা তাঁর নীচে ব্যাট করতে নেমে তৃতীয় সর্বাধিক রান করেছেন রিঙ্কু। এই তালিকায় শীর্ষে হার্দিক পাণ্ড্য। ২০১৯ সালে কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৯১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন রাসেল (৮৮ রান)। তিন নম্বরে জিতেশ শর্মা (৮৫ রান)। চারে রয়েছেন ধোনি (৮৪ রান)। সেই ক্লাবে জায়গা করে নিয়েছেন কেকেআরের ব্যাটার। পাঁচ নম্বরে রয়েছে রিঙ্কুর ৮৩ রানের ইনিংস।
  • Link to this news (আনন্দবাজার)