• প্রত্যেকটি ছবির বিমা হবে, অভিনেতা-প্রযোজকদের সম্মিলিত বৈঠকে গৃহীত হল প্রস্তাব! আর কী?
    আনন্দবাজার | ২৭ এপ্রিল ২০২৬
  • শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, টলিউডে নিরাপত্তা নিয়ে ফাঁক আছে বিস্তর। আর যাতে সেই ফাঁক গলে কোনও প্রাণ অকালে চলে না যায়, সোমবার সেই আলোচনায় মুখোমুখি ইমপা-আর্টিস্ট ফোরাম। উপলক্ষ্য, অভিনেতাদের নিরাপত্তার নবীকরণ নিয়ে প্রযোজকদের সঙ্গে বৈঠক। নতুন ‘এসওপি’ (আদর্শ পরিচালন পদ্ধতি) তৈরি এবং সেটি চালু করা।

    এ দিনের বৈঠকে উপস্থিত ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত, সংগঠনের চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য, সংগঠনের সদস্য প্রযোজক যিশু সেনগুপ্ত, রানা সরকার, প্রদীপ নন্দী-সহ এক ঝাঁক প্রযোজক। শহরের বাইরে থাকায় ভিডিয়ো কলের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী-সহ অনেকেই। এ দিন তাঁরা একজোটে জানান, সবার সম্মতিতে বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। তার মধ্যে অন্যতম, প্রত্যেক ছবির বিমা হবে, যা এত দিন হয়নি। সেই বিমার পরিমাণ নির্ভর করবে ছবির বাজেটের উপর।

    প্রযোজক রানা এ দিন আনন্দবাজার ডট কম-কে বলেন, “ছবির বিমার পাশাপাশি, নানাবিধ দুর্ঘটনা আটকাতে কী কী পদক্ষেপ করা হবে, সেটাও আলোচনা হয়েছে বৈঠকে। এর লিখিত রূপ খুব তাড়াতাড়ি সাংবাদিকদের সামনে আনা হবে।”

    ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ এ দিনের বৈঠক রাহুলের স্মৃতিতে উৎসর্গ করেন। যিশু তাঁর কথায় সায় দিয়ে বলেন, “আমরা একসঙ্গেই পথ চলছিলাম। চলতে চলতে হয়তো কিছু ক্ষেত্রে আমরা একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম। রাহুল সেটা দেখিয়ে দিয়ে গেল।” প্রসেনজিৎ, পিয়া, যিশু একজোটে জানান, আলোচনায় বসলে সব সমস্যার সমাধান সম্ভব। অনেক দিন পরে অভিনেতা এবং প্রযোজকেরা কোনও বিষয়ে একমত হলেন।

    নিরাপত্তার পাশাপাশি, শুটে বা সেটের আচরণবিধি নিয়েও আলোচনা হয়। রাহুলের মৃত্যুর পরেই রানা ইমপার সভাপতি পিয়ার কাছে অনুরোধ জানিয়েছিলেন, শুটিংয়ের জায়গায় মদ্যপান এবং ধূমপান নিষিদ্ধ হওয়া উচিত। সে বিষয়টি কি আলোচনায় জায়গা করে নিয়েছে? এ বিষয়ে ফোরামের পক্ষ থেকে বিদীপ্তা বলেন, “এ রকম আরও নানা বিষয় আমরা আচরণেবিধিতে যুক্ত করব। সবটাই এখন আলোচনার পর্যায়ে রয়েছে।”

    তালসারিতে শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয়ের সমুদ্রে তলিয়ে যাওয়া টলিউডের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। অভিনেতা এবং কলাকুশলীদের নিরাপত্তা চেয়ে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথ দাবি তুলেছিল, নতুন ‘এসওপি’ চাই। নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজতে হবে।

    প্রশ্নের জবাবে প্রযোজকেরা জানান, এদিন অভিনেতাদের নিরাপত্তা নিয়ে আলোচনা হল। আগামী দিনে কলাকুশলীদের নিরাপত্তা নিয়েও আলোচনা হবে। তখন বৈঠক হবে ফেডারেশনের সঙ্গে।
  • Link to this news (আনন্দবাজার)