• ‘মাস্টারমশাই আপনি কিন্তু...’! ভোটারদের ভয় দেখানোর অভিযোগে কমিশন সতর্ক করল রাজারহাটের শিক্ষক-নেতাকে
    আনন্দবাজার | ২৯ এপ্রিল ২০২৬
  • রাজারহাট-গোপালপুরের এক অঙ্কের শিক্ষকের কাছে মঙ্গলবার গেল নির্বাচন কমিশনের ফোন। কমিশনের এক আধিকারিক ফোন করে তাঁকে বলেন, ‘‘আপনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। এলাকার ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে।’’

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রের খবর, ওই শিক্ষক একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা। তাঁর বিরুদ্ধে এলাকার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এসেছিল। কমিশনের আধিকারিক সরাসরি অভিযুক্তকে ফোনে বলেন, ‘‘আপনি মাস্টারমশাই। আপনার সামাজিক সম্মান রয়েছে। আমরাও আপনাকে সম্মান করি। এই ধরনের ঘটনায় বাড়িতে গিয়ে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার করা নিয়ম। তাই কাউকে হুমকি দেবেন না।’’

    এর পরেই ওই অঙ্ক-শিক্ষককে সাবধান করে দিয়ে কমিশনের প্রতিনিধি বলেন, ‘‘পুলিশকে দিয়ে গ্রেফতার করাতে বাধ্য করবেন না।’’ ফোনে কথোপকথনে ওই শিক্ষকের কাছে এলাকায় কয়েক জন দুষ্কৃতীর নাম উল্লেখ করেন কমিশনের ওই আধিকারিক। একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট ওই দুষ্কৃতীদের সকলকেই চেনেন বলে স্বীকার করে নেন অঙ্কের শিক্ষক। তবে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনও ভোটারকে তিনি হুমকি দেননি বলে দাবি করেন ওই শিক্ষক।
  • Link to this news (আনন্দবাজার)