• কলকাতায় রেকর্ড হার
    আনন্দবাজার | ৩০ এপ্রিল ২০২৬
  • এসআইআরের পরে কার্যত রেকর্ড ভোট দেখল পশ্চিমবঙ্গ। এবং সেখানে কলকাতাও খুব পিছিয়ে নেই। বুধবার রাত ৭টা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দ্বিতীয় দফায় সাতটি জেলার ১৪২টি আসনে ভোট পড়েছে গড়ে ৯২.২৯% হারে। এর মধ্যে কলকাতা জেলাকে দু’ভাগে ভাগ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, ৭টা পর্যন্ত কলকাতা উত্তরে ভোট পড়েছে ৮৯.৩১% এবং কলকাতা দক্ষিণে ৮৭.৭%। কমিশন জানাচ্ছে, অতীতে এত ভোট কোনও ভোটে পড়েনি কলকাতার এই দুই নির্বাচনী জেলায়। এর আগে এই হার থেকেছে ৬৫ শতাংশের ধারেকাছে।

    কমিশনের ব্যাখ্যা, এ বারে একাধিক কারণে কলকাতায় ভোটের হার বেড়েছে। প্রথমত, এ দিন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো থাকায় মানুষের মধ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত আতঙ্ক অনেকটা দূর হয়েছিল। কলকাতা পুলিশের ভূমিকাও অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভিন্ন ছিল। গোলমাল পাকাতে পারে, এমন ব্যক্তিদের আগে থেকে হেফাজতে নিয়েছিল পুলিশ। ভোটের নজরদারি চলেছে তিনটি স্তরে। পুলিশ থেকে সাধারণ প্রশাসন— সকলকে দায়বদ্ধ করা হয়েছিল শান্তিপূর্ণ ভোটের প্রশ্নে। দ্বিতীয়ত, আবাসনে ভোটকেন্দ্র তৈরি হওয়ায় সেখানকার ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ বেড়েছে।

    এর পাশাপাশি, যাঁরা আগে সচরাচর ভোট দিতেন না, এমন অনেকে এসআইআর পরবর্তী সময়ে আশঙ্কা থেকেও ভোট দিতে এসেছেন। তাঁদের একাংশ সে কথা জানিয়েওছেন।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, ‘‘কলকাতায় ঐতিহাসিক ভোটদান হয়েছে। যাঁরা ভোট দিতেন না, তাঁরাও এ বার ভোট দিয়েছেন। ভোটার-সহ ভোটের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ।’’
  • Link to this news (আনন্দবাজার)