• কালবৈশাখীর দাপট আরও বাড়তে পারে! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি আর কত দিন? কোথায় কী পূর্বাভাস
    আনন্দবাজার | ০১ মে ২০২৬
  • হাঁসফাঁস গরমে স্বস্তি এসেছে কালবৈশাখীর হাত ধরে। গত দু’দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টি চলছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। কালবৈশাখীর এই দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত আরও কিছু দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলবে। সমুদ্রও থাকবে উত্তাল।

    হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে কোনও কোনও জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। সোমবার কলকাতায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। এ ছাড়া, মঙ্গলবার পর্যন্ত প্রায় প্রতি দিনই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে শহর। ঝোড়ো হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একই পূর্বাভাস রয়েছে। রবিবার এবং সোমবার ঝড়বৃষ্টি বাড়তে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।

    বঙ্গোপসাগরের উপর উপকূল সংলগ্ন অঞ্চলে এখনও মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া বইছে। ফলে সমুদ্র উত্তাল রয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে অতি ‌ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার এবং শনিবার। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরের এই পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, ওই একই উচ্চতায় দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওড়িশা হয়ে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তাই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

    ঝড়বৃষ্টির কারণে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। আগামী সাত দিনে তাপমাত্রার আর তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৬.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি কম।
  • Link to this news (আনন্দবাজার)