• হাই কোর্টের নির্দেশ মতো ইডির দফতরে হাজিরা দিলেন দমকলমন্ত্রী সুজিত! সঙ্গে রয়েছেন পুত্র সমুদ্র বসু এবং আইনজীবীও
    আনন্দবাজার | ০১ মে ২০২৬
  • এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। ভোটের আগেই একাধিক বার ইডি তলব করেছিল বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিতকে। কিন্তু ভোটের কাজে ব্যস্ততার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আদালতেও তা জানিয়েছিলেন। এ বার ভোট মেটার পরে হাই কোর্টের নির্দেশ মতো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়ে হাজিরা দিলেন সুজিত।

    এর আগে সুজিতের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের যে ধাবাটি রয়েছে, সেখানেও ইডির অভিযান চলে। এমনকি সুজিতের পুত্র সমুদ্র এবং পরিবারের অন্য সদস্যদেরও ডেকে পাঠিয়েছিল ইডি। তাঁদের বয়ানও সংগ্রহ করা হয়েছিল। ইডি সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে শুক্রবার সুজিতের কাছ থেকে জানতে চাওয়া হতে পারে। পাশাপাশি সেই ধাবাতেও ইডির নজর রয়েছে বলে সূত্রের দাবি।

    হাই কোর্টের নির্দেশ ছিল, ১ মে সকাল সাড়ে ১০টায় হাজিরা দিতে হবে তাঁকে। নির্ধারিত সময়েই পুত্র সমুদ্র এবং নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। ইডির দফতরে প্রবেশের সময় সুজিতের কাছে জানতে চাওয়া হয়, তাঁর কাছে কোনও নথিপত্র চেয়েছে কি না তদন্তকারী সংস্থা। উত্তরে তিনি বলেন, “না না, কিছু চাওয়া হয়নি।” তবে তাঁর সঙ্গে কিছু নথিপত্র ছিল। সুজিত জানান, সেগুলি আদালতের নির্দেশনামার প্রতিলিপি। তিনি বলেন, “কোর্টের যে অর্ডার আছে, সেটা নিয়ে এসেছি।”

    বস্তুত, ইডির বার বার তলবের মুখে সুজিত দাবি করেছিলেন, যে মামলায় তাঁকে তলব করা হচ্ছে, ওই মামলায় ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। কিন্তু সেই চার্জশিটে তাঁর নাম নেই বলে দাবি করেছিলেন তিনি। শুক্রবার সে প্রসঙ্গ টেনেই সুজিতকে প্রশ্ন করা হয়, তা হলে কোন তাঁকে বার বার নোটিস পাঠানো হচ্ছে। জবাবে দমকলমন্ত্রী জানান, কেন নোটিস পাঠানো হচ্ছে সে বিষয়ে তাঁর কিছু জানা নেই।

    বিগত কয়েক দিনের মধ্যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিতকে একাধিক বার তলব করেছে ইডি। তবে তিনি প্রতি বারই ইডির থেকে সময় চেয়ে চিঠি পাঠান। এ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুজিত। ভোটের কাজে ব্যস্ততার কথা তিনি আদালতেও জানিয়েছিলেন। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়েছিল, ১ মে সুজিতকে হাজিরা দিতে হবে ইডি দফতরে। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই এ বার ইডির দফতরে হাজির হলেন সুজিত।
  • Link to this news (আনন্দবাজার)