• পুর নিয়োগ দুর্নীতির মামলায় রথীনকে ফের তলব করল ইডি! আগামী বুধবার হাজিরার নির্দেশ
    আনন্দবাজার | ০১ মে ২০২৬
  • পুর নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী বুধবার তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ভোটের আগে বেশ কয়েক বার তাঁকে তলব করেছিল ইডি। তবে নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে ওই সময়ে হাজিরা দেননি মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রথীন অনুরোধ করেছিলেন যাতে ভোটপর্ব মিটে যাওয়ার পরে তাঁকে ডাকা হয়। আগামী সোমবার রাজ্যে ভোটগণনা রয়েছে। তার দু’দিন পরেই রথীনকে ফের ডেকে পাঠাল ইডি। ঘটনাচক্রে, এই একই মামলায় রাজ্যের অপর মন্ত্রী এবং তৃণমূল প্রার্থী সুজিত বসুকেও তলব করেছিল ইডি। তিনিও তখন হাজিরা দেননি। পরে হাই কোর্টের নির্দেশ মতো শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি হাজিরা দেন ইডির দফতরে।

    ২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সে সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ২০২৪ সালে জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে হয়েছিল ইডি-অভিযান। তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
  • Link to this news (আনন্দবাজার)