• জমি বিবাদের জের! দাদাকে কুপিয়ে ‘খুন’ করে পালালেন ভাই, জখম আরও দুই
    আনন্দবাজার | ০২ মে ২০২৬
  • দাদাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত কানাপাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মহম্মদ আমিনুল ইসলাম। তাঁর বয়স ৫১ বছর। এই ঘটনায় ওই পরিবারের আরও দু’জন জখম হয়েছেন। অভিযুক্তের নাম আশরাফুল জামাল। ঘটনাস্থলে পৌঁছেছে ভগবানগোলা ও লালগোলা থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমিনুল এবং তাঁর ভাই আশরাফুলের মধ্যে দীর্ঘ দিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছিল। এক সময়ে পরিবারের কয়েক জন সদস্য ওই বিবাদ মিটিয়ে দিলেও সম্প্রতি তা আবার মাথাচাড়া দেয়। কয়েক দিন আগে আমিনুল নিজের জমিতে বাড়ি তৈরি শুরু করেন। অভিযোগ, সেই কাজে বাধা দেয় ছোট ভাই আশরাফুল।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার প্রথমে দুই ভাইয়ের মধ্যে তুমুল বচসা এবং হাতাহাতি শুরু হয়। এর পরেই মেজাজ হারিয়ে আশরাফুল ধারালো অস্ত্র নিয়ে বড় ভাই আমিনুলকে কোপ মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আমিনুল। শুধু বড় ভাই নয়, সেখানে উপস্থিত মাসতুতো ভাই এবং ভগ্নিপতির উপরেও আমিনুল আক্রমণ করার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁরা কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান।

    গুরুতর জখম অবস্থায় আমিনুলকে উদ্ধার করে ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী পারভিন বিবি বলেন, ‘‘আগে বিবাদ মিটে গিয়েছিল। আমরা ওকে (আশরাফুল) টাকা এবং জায়গা ছেড়ে দিয়েছিলাম। এখন নিজের জায়গায় ঘর করতে গেলেও সে আবার ভাগ চাইছিল। কাজ করার সময় আচমকা এসে সে আমার স্বামীকে কুপিয়ে খুন করল।’’

    পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আশরাফুল পলাতক। পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে।
  • Link to this news (আনন্দবাজার)