• কৃতীদের কাছে সুজন, কৌস্তভেরা
    আনন্দবাজার | ০২ মে ২০২৬
  • আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় কৃতীদের কাছে পৌঁছনোর চেষ্টায় তৎপর হল বিভিন্ন রাজনৈতিক দল। এগারো-বারো ক্লাসের পরীক্ষা আইএসসি-তে ব্যারাকপুরের অনুষ্কা ঘোষ-সহ রাজ্যের আরও ছ’জন ১০০% নম্বর পেয়েছেন। অনুষ্কার বাড়িতে গিয়ে শুক্রবার তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, দলের নোয়াপাড়া ও পানিহাটির দুই প্রার্থী যথাক্রমে গার্গী চট্টোপাধ্যায়, কলতান দাশগুপ্ত এবং এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য।

    পানাহাটিতে আইসিএসই বা দশম শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে কৃতী ছাত্র অঙ্কন দত্তের বাড়িতেও গিয়েছিলেন সুজনরা। অনুষ্কাকে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াপাড়া ও ব্যারাকপুরের দুই বিজেপি প্রার্থী যথাক্রমে অর্জুন সিংহ ও কৌস্তভ বাগচী। অনুষ্কা বাম মতাদর্শের প্রতি তাঁর ভাল লাগার কথা আগেই জানিয়েছিলেন। সেই সূত্র ধরেই সৃজন বলেছেন, “অনুষ্কা জীবনে যা-ই করুক, সমাজে অবদান রাখার মতো করে বড় হোক। আমরা সবাই ওর সাফল্যে খুব খুশি।” বিজেপি প্রার্থী কৌস্তভও বলেছেন, “ওর মধ্যে রাজনৈতিক সচেতনতা রয়েছে, তা আমাদের বিপক্ষের হলেও অত্যন্ত সাধুবাদ যোগ্য। ওর মতো প্রতিভাবান ছাত্র-ছাত্রীরা রাজনীতির মঞ্চে এলে দেশের রাজনীতি আরও আলোকিত, শিক্ষিত ও শক্তিশালী হবে।” প্রসঙ্গত, আইসিএসই এবং আইএসসি মিলিয়ে রাজ্যের মোট ১৯ জন দেশের শীর্ষে রয়েছেন। পাশাপাশি, আইসিএসই-র কৃতী পড়ুয়া অর্কদীপ বন্দ্যোপাধ্যায় এবং অভিনব দাসের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়-সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কৃতীদের ফোনে শুভেচ্ছা জানিয়েছেন।
  • Link to this news (আনন্দবাজার)