পারিবারিক অশান্তি যে এমন চরম পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি মুর্শিদাবাদের ইসলামপুর থানার রায়পুর এলাকার বাসিন্দারা। মত্ত ছেলের হাতে প্রহৃত হয়ে তাঁর মাথায় লোহার রডের বাড়ি মারলেন বাবা। ঘটনাস্থলে প্রাণ গেল ২৭ বছরের যুবক শাহজামল মোল্লা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।
প্রতিবেশীরা জানাচ্ছেন, শাহজামল দীর্ঘ দিন ধরেই মদ্যপানে আসক্ত ছিলেন। এ জন্য সাংসারিক অশান্তি হত। শাহজামলের স্ত্রী-ও বাপের বাড়ি চলে যান। তাতেও অভ্যাসে বদল আসেনি। শুক্রবারও আকণ্ঠ পান করে বাড়ি ফেরেন যুবক। নেশার ঘোরে বাড়ির সকলের সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে বাবার গায়ে হাত তোলেন যুবক। তখনই মেজাজ হারিয়ে লোহার রড হাতে তুলে নেন বাবা। ছেলের মাথায় সজোরে আঘাত করেন তিনি।
ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান পরিবারের অন্যান্য সদস্য। খানিক পরে রক্তাক্ত শাহজামলকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।
অন্য দিকে, ছেলেকে খুনের পরে বাবার খোঁজ মেলেনি। ইসলামপুর থানার পুলিশ তাঁকে খুঁজছে। ইতিমধ্যে তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।