এ বার কালীঘাট থানার নতুন ওসির নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী! সিপি অজয়কে খতিয়ে দেখার নির্দেশ সিইও-র
আনন্দবাজার | ০৩ মে ২০২৬
রাইফেল-কাণ্ডের মাঝে কালীঘাট থানার ওসি বদল করা হয়েছে। কিন্তু নতুন ওসি চামেলি মুখোপাধ্যায়ের নিয়োগ নিয়েও এ বার প্রশ্ন উঠল। আগের ওসি গৌতম দাসকে নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। এ বার নতুন ওসির নিয়োগ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। নতুন ওসির নিয়োগ ঘিরে যে অভিযোগ উঠেছে, তা কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দকে খতিয়ে দেখতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবাল।
কালীঘাট থানার নতুন ওসি হিসাবে চামেলির নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন পূর্ব বর্ধমানের মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ। তাঁর দাবি, চামেলি একটি মামলায় অভিযুক্ত এবং সেটি এখনও বিচারাধীন। এ অবস্থায় নির্বাচনের সময়ে কী ভাবে চামেলিকে একটি থানার ওসি করা হয়, তা নিয়ে প্রশ্ন বিজেপি প্রার্থীর। এ বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন মানব।
সিইও মনোজ শনিবার রাতে বলেন, “কালীঘাট থানার নতুন ওসি নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। তাই কলকাতার পুলিশ কমিশনারকে বিষয়টি দেখতে বলা হয়েছে। ওই ওসির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা কমিশনের জানা ছিল না। যদি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে, তা হলে ভোটের কাজে থাকতে পারবেন না।”
কালীঘাট থানার প্রাক্তন ওসি গৌতমকে ঘিরে সম্প্রতি একটি বিতর্ক দানা বেঁধেছিল। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল সমাজমাধ্যমে একটি স্টেটাস। শুক্রবার রাতে ওই ছবিটিকে ‘আপত্তিকর’ বলে দাবি করে তৃণমূল। কমিশনে দৃষ্টি আকর্ষণও করে তারা। তৃণমূলের তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে যে, একটি অত্যাধুনিক রাইফেল হাতে থানায় নিজের চেয়ারে বসে রয়েছেন গৌতম। তার পরনে পুলিশের উর্দি (যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। গৌতম নিজেই ফেসবুক এবং হোয়াট্সঅ্যাপ স্টেটাসে সেই ছবি পোস্ট করেন বলেও দাবি করে তৃণমূল।
ওই ছবি ঘিরে শোরগোলের মাঝেই শনিবার গৌতমকে নিলম্বিত (সাসপেন্ড) করে কলকাতা পুলিশ। তাঁর জায়গায় কালীঘাট থানার দায়িত্বে আনা হয় চামেলি মুখোপাধ্যায়কে। এ বার সেই নতুন দায়িত্ব পাওয়া ওসিকে নিয়ে প্রশ্ন তুলল বিজেপি শিবির।