• শমসেরগঞ্জে নাম বাদ যাওয়াদের কমিটি
    আনন্দবাজার | ০৩ মে ২০২৬
  • ওঁদের নাম বাদ গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) সূত্রে। মুর্শিদাবাদের শমসেরগঞ্জে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষেরা ‘ডিলিটেড নাগরিকদের সংগ্রামী মঞ্চ, শমসেরগঞ্জ, মুর্শিদাবাদ’ নামে একটি কমিটি গড়েছেন। ন’জন সদস্যের সেই কমিটির প্রধান দাবি, অবিলম্বে ট্রাইবুনালের কাজ শেষ করতে হবে। প্রামাণ্য নথি থাকলেও যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তুলতে হবে ভোটার তালিকায়।

    সাম্প্রতিক এসআইআর-এ শমসেরগঞ্জে বিবেচনাধীনদের তালিকা থেকে বাদ গিয়েছে ৭৪,৭৭৫ জনের নাম। সেখানে শুক্রবার হাউসনগর হাই মাদ্রাসায় এই সংগঠন গড়া হয়েছে। কমিটির অন্যতম আহ্বায়ক আলাউদ্দিন শেখ বলেন, “নথি জমা দিয়েও তালিকায় নাম ওঠেনি। ভোট শেষ, এখন কেউ পাশে নেই। তাই আমাদের লড়াই আমাদেরই লড়তে হবে। সে জন্যই এই কমিটি। আমরা চাই, সর্বত্রই কমিটি গড়ে আন্দোলন শুরু হোক, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইবুনালের কাজ শেষ হয়। লোকের নাম তালিকায় ওঠে।” আলাউদ্দিন জানিয়েছেন, একটি মানবাধিকার সংগঠনের সহযোগিতায় তাঁরা এই দাবিতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

    সংগঠনের আর এক আহ্বায়ক মহম্মদ মোজাম্মেল হক বলেন, “২০০২ সালের ভোটার তালিকায় আমার, বাবার, মায়ের নাম ছিল। তবু নাম বাদ গিয়েছে। আমাদের বুথে বাদ পড়েছে ৪২৯ জনের নাম। পাশের ২০০ নম্বর বুথে ১৪০০ভোটারের মধ্যে বাদ গিয়েছে ৭১৩ জনের নাম। যাঁরা ভোটার হিসেবে বাতিল হলেন, ভবিষ্যতে তাঁদের কী হবে? তাই আন্দোলন ছাড়াপথ নেই।”
  • Link to this news (আনন্দবাজার)