কাল গোনা হবে ভোট, আজ চলবে চূড়ান্ত প্রস্তুতি। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে কেকেআর। আর কী কী নজরে দিনভর
আনন্দবাজার | ০৩ মে ২০২৬
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আগামিকাল অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটগণনা। রাজ্যে ৭৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। প্রতিটি কেন্দ্রই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অন্য দিকে, স্ট্রংরুমও সুরক্ষিত করে রেখেছে বাহিনী। বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাহারায় রয়েছেন। ভোট গণনা নিয়ে তৃণমূল, বিজেপি-সহ সব রাজনৈতিক দলই নিজের নিজের মতো করে রণকৌশল সাজাচ্ছে। আজ এই সংক্রান্ত সব খবরের দিকে নজর থাকবে।
আজ রবিবার আইপিএলে দু’টি ম্যাচ। এক সপ্তাহ পর আবার নামছে কেকেআর। বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ। অজিঙ্ক রাহানেদের প্লেঅফের দৌড়ে থাকতে হলে রবিবার জিততেই হবে। পর পর দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছে কলকাতা। আজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন রাহানেরা। ম্যাচ শুরু দুপুর ৩.৩০ থেকে। শিশিরের সমস্যা তেমন থাকবে না। হায়দরাবাদের ২২ গজে এ বার ভাল রান করছেন সব দলের ব্যাটারেরাই। কেকেআর কি পারবে প্যাট কামিন্সের দলকে হারিয়ে লড়াইয়ে টিকে থাকতে? দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস। রাজস্থানের কাছে আগের ম্যাচে হেরে আইপিএলে অপরাজিত থাকার তকমা খুইয়েছেন শ্রেয়স আয়ারেরা। গুজরাতকে হারালে ফ্লেঅফ প্রায় নিশ্চিত হয়ে যাবে পঞ্জাবের। অন্য দিকে, শুভমন গিলদেরও জিততে হবে। না পারলে, প্লেঅফের দৌড়ে পিছিয়ে পড়বেন তাঁরা। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
রাজ্যের বিভিন্ন জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার, ভোট গণনার দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ওই দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবরের দিকে নজর থাকবে আজ।