• ভবানীপুরে কত রাউন্ড গণনা, নন্দীগ্রামেই বা কত? সোমবার ২৯৩ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি এবং কম রাউন্ড কোথায়?
    আনন্দবাজার | ০৪ মে ২০২৬
  • সোমবার রাজ্যের ২৯৩টি আসনের (ফলতা আসনে নতুন করে ভোট ঘোষণা করেছে কমিশন) ভোটগণনা রয়েছে। সকাল ৮টায় গণনা শুরু হবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন আসন থেকে গণনার প্রাথমিক আভাস আসতে শুরু করে দেবে। এ বারের নির্বাচনে ভবানীপুরে ইভিএমের মোট ২০ রাউন্ড গণনা হবে। অন্য দিকে, নন্দীগ্রামে ইভিএম গণনা হবে মোট ১৮ রাউন্ড।

    রবিবার এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে সোমবার ভোটগণনা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ডের গণনা হবে চুঁচুড়ায়। সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড গণনা রয়েছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে। এই তিন আসনেই ১০ রাউন্ড করে গণনা হবে। সোমবারের গণনাপর্বের জন্য মোট ২৯৩ জন গণনা পর্যবেক্ষক থাকছেন। এ ছাড়া ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক থাকছেন।

    এ বারের নির্বাচনে শুরু থেকেই নজর ছিল ভবানীপুর আসনের দিকে। তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্মুখসমরে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুর আসনের স্ট্রংরুম রয়েছে দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেই স্ট্রংরুম ‘পাহারা’ দিতে সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে গিয়েছিলেন মমতা স্বয়ং। প্রায় চার ঘণ্টা বসেছিলেন সেখানে। শুভেন্দুর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাসও স্ট্রংরুমের ‘পাহারায়’ বসেছিলেন। সোমবার সেই ভবানীপুরে ১৮ রাউন্ড ইভিএম গণনা হবে।

    ভবানীপুরের পাশাপাশি, এ বার নন্দীগ্রাম আসনের ফল কী হয়, সে দিকেও নজর রয়েছে সকলের। গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকেই মমতাকে পরাস্ত করেন শুভেন্দু। এ বার সেই আসনে শুভেন্দুর বিপরীতে লড়ছেন তৃণমূলের পবিত্র কর। সোমবার নন্দীগ্রাম আসনে মোট ১৮ রাউন্ড ইভিএম গণনা হবে। অন্য দিকে, খড়্গপুর সদর আসন থেকে লড়ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে ২০ রাউন্ড গণনা রয়েছে। গত লোকসভা ভোটে পরাস্ত হওয়ার পরে এ বার বহরমপুর থেকে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন অধীররঞ্জন চৌধুরী। সেখানে সোমবার ১৬ রাউন্ড গণনা রয়েছে। মুর্শিদাবাদেরই রেজিনগর আসনে মোট ২৭ রাউন্ড গণনা হবে।
  • Link to this news (আনন্দবাজার)