• গণণায় নিযুক্তদের তথ্য বিভিন্ন গ্রুপে পোস্ট হচ্ছে! ভবানীপুরে মন্দিরে পুজো দেওয়ার পর অভিযোগ শুভেন্দুর, নালিশ কমিশনে
    আনন্দবাজার | ০৪ মে ২০২৬
  • ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে এ বারের নির্বাচনে উত্তেজনা তুঙ্গে। এক দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য দিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী— এই লড়াইয়ের ফল জানতে মুখিয়ে রাজ্যবাসী। সোমবার ভোট গণনার আগে রবিবার সন্ধ্যায় ভবানীপুরের লক্ষ্মী নারায়ণ মন্দিরে পুজো দিলেন শুভেন্দু। পুজো সেরে বেরিয়ে তিনি একাধিক গুরুতর অভিযোগ তোলেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে।

    শুভেন্দুর দাবি, ভোট গণনার আগেই কিছু অসদাচরণ করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে ক্ষতিকর। তিনি বলেন, “কে কোন টেবিলে, কোন বিধানসভায় আছে— আইসিডিএস অফিসারদের সেই তথ্য বিভিন্ন গ্রুপে পোস্ট করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ অনৈতিক।” এই ঘটনায় তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান। বিরোধী দলনেতার আরও অভিযোগ, তুফানগঞ্জের মহকুমাশাসকের থেকে চুক্তিভিত্তিক কর্মীদের ভোট গণনার কাজে ডাকা হয়েছে, যা নিয়মবহির্ভূত। তিনি বলেন, “কত আটকাবেন আপনি? এক শ্রেণির লোক ধারাবাহিক ভাবে এসব করছে। এদের আটকাতে আমাদের প্রতি পদে পদে লড়াই করতে হচ্ছে।” পাশাপাশি তিনি কয়েক জন কর্মীর নামও উল্লেখ করেন, যাঁদের বিরুদ্ধে এই ধরনের কাজে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন।

    ভোট গণনার আগেই তিনি প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সব মিলিয়ে, ভবানীপুরে ভোট গণনার আগে রাজনৈতিক চাপানউতর চরমে পৌঁছেছে। এখন নজর সোমবারের ফলাফলের দিকে— শেষ হাসি কে হাসবেন, তা জানার অপেক্ষায় গোটা রাজ্য।
  • Link to this news (আনন্দবাজার)