• ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! কী বলল আদালত
    আনন্দবাজার | ০৪ মে ২০২৬
  • ভোটের পরেও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়ার আর্জিতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে। কিন্তু সেই দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। ঘটনাচক্রে, সোমবার রাজ্যে ভোটগণনার দিনেই এই আর্জি খারিজ হল শীর্ষ আদালতে।

    অতীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে অশান্তি এবং হিংসার অভিযোগ উঠেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠেছিল। পিটিআই জানাচ্ছে, অতীতের সেই অশান্তির অভিযোগের কথা উল্লেখ করেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারী পক্ষের হয়ে আইনজীবী ভি গিরি মামলাটির দ্রুত শুনানির জন্য আর্জি জানান প্রধান বিচারপতির এজলাসে। সেখানে কমিশনের আইনজীবী জানান, নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে তাদের আর কোনও ভূমিকা থাকে না। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দ্রুত শুনানির আর্জি খারিজ করার সময়ে বলে, “রাজনৈতিক কার্যনির্বাহীরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রাজ্যকে আদালতের দ্বারা নয়, রাজনৈতিক কার্যনির্বাহীদের দ্বারাই চলতে দিন।”

    রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত একটি মামলা আগে থেকেই চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। আগামী ১১ মে ওই মামলার শুনানি হবে। দ্রুত শুনানির আর্জি খারিজ হলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এসআইআর সংক্রান্ত মূল মামলার শুনানির সঙ্গেই এই মামলাটি শোনা হতে পারে।
  • Link to this news (আনন্দবাজার)