• বদল হয়েছে, রাজ্য সরকারের মামলার পক্ষে বা বিপক্ষে রায় এখনই দেবেন না! হাই কোর্টে অনুরোধ পদ্মের আইনজীবীদের
    আনন্দবাজার | ০৫ মে ২০২৬
  • রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত মামলার পক্ষে বা বিপক্ষে এখনই কোনও রায় ঘোষণা না করার জন্য হাই কোর্টে অনুরোধ করলেন বিজেপির আইনজীবীরা। মঙ্গলবার এ বিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। সোমবারই রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। সেই পালাবদলের কথা উল্লেখ করেই আদালতে এই অনুরোধ করেন বিজেপির আইনজীবীরা।

    বিজেপিপন্থী ওই আইনজীবীদের বক্তব্য, রাজ্যে বর্তমানে এক রাজনৈতিক এবং প্রশাসনিক পরিবর্তন হয়েছে। এ অবস্থায় বিদায়ী সরকারের আইনজীবীরা এখন ‘ব্রাত্য’ বলেই মনে করছেন নিজেদের। আইনজীবীদের বক্তব্য, নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে সময় লাগবে। এ অবস্থায় আদালত যাতে রাজ্যের মামলাগুলিতে কোনও রায় দান না করে সেগুলি বিচারাধীন রাখে, সেই অনুরোধ করেন বিজেপির আইনজীবীরা। তাতে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আইনজীবীদের উদ্দেশে বলেন, “বিভিন্ন মামলার বিষয়বস্তু দেখে আপনাদের আবেদন বিবেচনা করা হবে।”

    সোমবার রাজ্য রাজনীতিতে পালাবদল হয়ে গিয়েছে। দেড় দশক ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতা থাকা তৃণমূলকে পরাস্ত করেছে বিজেপি। এখন নতুন দলের হাত ধরে রাজ্যে নতুন সরকার গঠনের পালা। নতুন সরকার গঠনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি বিজেপি। এরই মধ্যে হাই কোর্টে বিবেচনাধীন থাকা রাজ্য সরকারের মামলাগুলি নিয়ে ‘সাবধানি’ বিজেপিপন্থী আইনজীবীরা। সরকার গঠন এবং তার পরে নতুন সরকারি প্যানেলের আইনজীবীদের তালিকা তৈরি না-হওয়া পর্যন্ত আদালত যাতে ওই মামলাগুলি বিবেচনাধীন রাখে, তা নিশ্চিত করতে তৎপর হয়েছেন তাঁরা। যদিও সুনির্দিষ্ট ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি প্রধান বিচারপতি। বিজেপিপন্থী আইনজীবীদের তিনি জানিয়েছেন, মামলাগুলির বিষয়বস্তুর ভিত্তিতে এই অনুরোধ বিবেচনা করে দেখবে আদালত।
  • Link to this news (আনন্দবাজার)