• বিজেপির সরকার গঠনের প্রক্রিয়া। ভোট-পরবর্তী পরিস্থিতি। হায়দরাবাদ বনাম পঞ্জাব। আর কী নজরে দিনভর
    আনন্দবাজার | ০৬ মে ২০২৬
  • দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

    ২০৭ আসন জিতে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি। সেই সরকারে মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। নাম চূড়ান্ত করতে রাজ্যের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। বিজেপির নতুন সরকারের শপথগ্রহণ কবে হবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। আগামী ৯ মে বিজেপির শপথগ্রহণের তারিখ হিসাবে স্থির হতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে। আজ এই খবরে নজর থাকবে।

    ভোটের ফল প্রকাশ হয়েছে সোমবার। আর তার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে। কোথাও তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, কোথায় আবার তৃণমূলকর্মীদের উপর হামলার অভিযোগ। শুধু তা-ই নয়, বিজেপি কর্মীদের উপরও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তিনটি খুনের অভিযোগও উঠেছে। এ ব্যাপারে রুখতে ‘জ়িরো টলারেন্স’ নীতি অবলম্বন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস ম্যাচ। টানা ছ’টি ম্যাচ জেতার পর শেষ দু’টি ম্যাচে হেরেছে শ্রেয়স আয়ারের পঞ্জাব। তবে ন’ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারাই এখন শীর্ষে রয়েছে। প্যাট কামিন্সের হায়দরাবাদ আজ জিতলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে আসবে। হায়দরাবাদে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

    দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। উত্তরে দুই জেলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিত বসু এবং রথীন ঘোষকে তলব করেছে ইডি। আজ তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। ভোট পর্ব মিটে গিয়েছে। বিধাননগরে সুজিত পরাজিত হয়েছেন। মধ্যমগ্রামে জিতেছেন রথীন। তাঁরা হাজিরা দেন কি না, সেটাই দেখার।
  • Link to this news (আনন্দবাজার)