• ‘তৃণমূলের সঙ্গে বেইমানি করেছে তৃণমূল’, সরকার পতনের পরে বিস্ফোরক বীরভূমের জোড়াফুল শিবিরের নেতা কাজল
    আনন্দবাজার | ০৭ মে ২০২৬
  • তৃণমূলের শত্রু তৃণমূল। সরকারের পতনের কারণ দলই। বুধবার এমনই মন্তব্য করলেন জোড়াফুল শিবিরের নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও হাসন বিধানসভার বিধায়ক কাজল শেখ। নানুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

    সোমবার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নানুরের কীর্ণাহার-সহ বিভিন্ন গ্রামে ভাঙচুর, তৃণমূলের পার্টি অফিস দখল ও মারধরের অভিযোগ আসছে। মঙ্গলবার দুপুরে নানুরের সন্তোষপুর গ্রামে আবির শেখ নামে এক তৃণমূল নেতাকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। আবিরের সঙ্গে থাকা তাঁর বন্ধু তথা তৃণমূলের বুথ সভাপতি চান্দু শেখকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আবির ও চান্দু ঘনিষ্ঠদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুস্কৃতীরাই হামলা চালিয়েছিল। মৃতের পরিবারের বিরুদ্ধে ১৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ধৃতদের বোলপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ১২ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।

    ময়নাতদন্তের পরে মৃতের দেহ বুধবার সন্ধ্যায় নানুরের সন্তোষপুর গ্রামে নিয়ে আসা হয়। সেখানে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন কাজল। তিনি বলেন, ‘‘যাঁরা এ ধরনের ঘটনা করেছে তাঁরা একটা সময় সিপিএম করত। এখন বিজেপির ছত্রছায়ায় এসেছে। এঁরা সময় মতো জামা পাল্টায়। বিজেপির কিছু কর্মী এঁদের সঙ্গে ছিল।’’

    আরও বলেন, ‘‘বাংলায় তৃণমূল হেরেছে। এর জন্য তৃণমূলের অনেক নেতা-কর্মীই দায়ী।’’ তার পরেই বলেন, ‘‘তৃণমূল যে শক্তিশালী জায়গায় ছিল তাতে কোন শক্তি দলকে হারাতে পারত না। তৃণমূলকে সরিয়েছে তৃণমূলই। তৃণমূলের একটা অংশ দলের সঙ্গে বেইমানি করেছে। ধীরে ধীরে সেই সব বেরোচ্ছে। কাজলের বক্তব্য, ‘‘যাঁরা ধর্মের ভিত্তিতে মানুষকে হত্যা করছেন ও বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার চালাচ্ছেন তাঁদের বিরুদ্ধে আমরা সঙ্ঘবদ্ধ হয়ে প্রতিবাদ করব।”
  • Link to this news (আনন্দবাজার)